স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক উদ্ধার অভিযানে ৩৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
সোমবার (২ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধার কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ জানায়, লানজারোতে দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে ১৩২ জনকে উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে দুজনের মরদেহ পাওয়া যায়। একই যাত্রায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা। তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছিল।
এ ছাড়া সোমবার দিনের শুরুতে লানজারোতে ও এল হিয়েরো দ্বীপের উপকূল থেকে কোস্টগার্ডের পৃথক অভিযানে আরও প্রায় ২৫০ জনকে উদ্ধার করা হয়। এর আগের দিন রোববার এল হিয়েরোর উপকূল থেকে ১০৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছিল।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সবচেয়ে খারাপ আশঙ্কাই সত্যি হচ্ছে। আটলান্টিক অভিবাসন রুট আবারও প্রাণ কেড়ে নিচ্ছে। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি জীবন, একটি গল্প ও একটি পরিবার।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় করে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন। দীর্ঘ সমুদ্রপথ, উত্তাল ঢেউ এবং শক্তিশালী সামুদ্রিক স্রোতের কারণে এ যাত্রায় প্রাণহানির ঝুঁকি থাকে।
সাধারণত শরৎকালে এ রুটে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়ে যায়। এ সময় সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূলে থাকায় নৌকায় করে যাত্রা সহজ হয়।
চলতি বছর এখন পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে অক্টোবরে এ রুটে যাতায়াত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দ্বীপগুলোর অভ্যর্থনা ও জরুরি সেবাব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
স্পেন সরকারের ক্যানারি দ্বীপপুঞ্জবিষয়ক প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দ্বীপপুঞ্জটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত বছরের তুলনায় ১৮ শতাংশ কমে ১১ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স