অ্যামেরিকা ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা জানিয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার কয়েক ঘণ্টা আগে এই সমঝোতা আসে—যেখানে তিনি এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে না দেয়, তাহলে “পুরো সভ্যতা ধ্বংস” করে দেওয়া হবে।
পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে উভয় পক্ষই নিজেদের বিজয় হিসেবে দেখছে। ট্রাম্প বলেন, ইরানের ১০ দফা প্রস্তাব স্থায়ী সমাধানের জন্য একটি “কার্যকর ভিত্তি” তৈরি করেছে। অন্যদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ দাবি করেন, “ইরানের যুগ শুরু হয়েছে”—কারণ অ্যামেরিকা তাদের সরকারকে ভেঙে দিতে পারেনি।
চুক্তি অনুযায়ী আলোচনার সময় হরমুজ প্রণালী খোলা থাকবে। তবে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে এখনো সময় লাগছে। তথ্য অনুযায়ী, শতাধিক জাহাজ এখনো পারস্য উপসাগরে আটকে রয়েছে এবং জাহাজ মালিকরা সতর্ক অবস্থানে রয়েছে।
যুদ্ধবিরতি হলেও সব সংঘাত থামেনি। ইসরাইল জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান এই চুক্তির আওতায় থাকবে না। বুধবারও নতুন হামলার খবর পাওয়া গেছে উপসাগরীয় অঞ্চলে।
এই নাজুক পরিস্থিতির মধ্যেই ইরানের লাবান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলার খবর এসেছে। যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এটি যুদ্ধবিরতির ভঙ্গুরতা স্পষ্ট করেছে।
যুদ্ধবিরতির ঘোষণায় বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে আসে এবং শেয়ারবাজার উর্ধমুখী দেখা যায়।
তবে স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত। ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্র ও অবকাঠামো পুনরুদ্ধারে সময় লাগবে। একই সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত বিভাজনও বড় বাধা হয়ে রয়েছে।
ইরানের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তেহরানের এক বাসিন্দা বলেন, প্রায় ৪০ দিনের মধ্যে এই প্রথম তারা স্বস্তি অনুভব করছেন, তবে ভবিষ্যৎ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এদিকে পাকিস্তান নতুন করে আলোচনা আয়োজনের উদ্যোগ নিয়েছে। শুক্রবার ইসলামাবাদে অ্যামেরিকা ও ইরানের প্রতিনিধিদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও অ্যামেরিকা বলছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই যুদ্ধ এখন পর্যন্ত ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে। ইরানে নিহতের সংখ্যা ১,৬৬৫ জন, যার মধ্যে ২৪৪ শিশু রয়েছে। লেবাননে নিহতের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে।