হলিউডের মর্যাদাপূর্ণ অস্কার মঞ্চে ইতিহাস গড়েছে রায়ান কুগলার পরিচালিত ভ্যাম্পায়ার মহাকাব্য সিনার্স।
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণায় ছবিটি পেয়েছে রেকর্ড ১৬টি ক্যাটেগরিতে মনোনয়ন, যা অস্কারের ইতিহাসে একক কোনো ছবির সর্বোচ্চ মনোনয়নের নতুন নজির।
সংবাদমাধ্যম এপি জানায়, এর আগে সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়েছিল অল অ্যাবাউট ইভ, টাইটানিক এবং ল্যা ল্যা ল্যান্ড। এবার সেই রেকর্ড ভেঙে দিল সিনার্স।
সেরা চলচ্চিত্রের পাশাপাশি পরিচালক রায়ান কুগলার পেয়েছেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন। ছবির প্রধান অভিনেতা মাইকেল বি জর্ডান ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেতা বিভাগে।
মনোনয়নের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার,’ যা পেয়েছে ১৩টি মনোনয়ন।
ছবিটিতে অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপরিও, তেয়ানা টেইলর, বেনিসিয়ো ডেল টোরো এবং শন পেন মনোনীত হলেও নতুন মুখ চেজ ইনফিনিটি সেরা অভিনেত্রী তালিকায় জায়গা পাননি।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এ বছর একাডেমি দুটি শক্তিশালী ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আমেরিকান চলচ্চিত্রের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।
জিম ক্রো যুগের পটভূমিতে নির্মিত সিনার্স, যা বিরলভাবে একটি হরর ছবি হয়েও একাডেমির স্বীকৃতি পেয়েছে। এটি কৃষ্ণাঙ্গ নাগরিকদের জীবনের প্রতীকী রূপক তুলে ধরেছে।
অন্যদিকে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে ফুটে উঠেছে নিয়ন্ত্রণহীন পুলিশি রাষ্ট্রে পুনর্জাগ্রত বিদ্রোহের গল্প।
দুটি ছবিই ওয়ার্নার ব্রোস স্টুডিওর প্রযোজনা। স্টুডিওটি বর্তমানে নেটফ্লিক্স এর কাছে ৭২ বিলিয়ন ডলারে বিক্রির প্রক্রিয়ার মধ্যে আছে।
একই সময়ে প্যারামাউন্ট স্কাইড্যান্সের চ্যালেঞ্জে হলিউডে বড় ধরনের শিল্প পুনর্গঠনের আশঙ্কাও দেখা দিয়েছে।
এবার সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ১০টি ছবি হলো বুগোনিয়া, এফ ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, দ্যা সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স ও ট্রেইন ড্রিমস।