ইরান যুদ্ধ ও গাজায় গণহত্যা ঘটিয়ে বিশ্বব্যাপী বিতর্কিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার সাদৃশ্য থাকায় এবার বিপাকে পড়েছেন তেহরানের এক সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী।
বাহ্যিক মিলের কারণে ভিডিও প্রকাশ অতঃপর একদল গোষ্ঠী তার দোকান বয়কটের আহ্বান জানানোর পর এক অপ্রত্যাশিত সংকটের মুখোমুখি হয়েছেন ওই ব্যক্তি।
নেতানিয়াহুর সঙ্গে সাদৃশ্য থাকা ভাইরাল ব্যক্তি হলেন তেহরানের একটি ছোট দোকানের ফল, বাদাম ও মিষ্টি বিক্রেতা। সাম্প্রতিক সময়ে দোকানে বসে থাকা অবস্থায় তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহুর মতো অবিকল চেহারা, চুলের ধরন ও মুখভঙ্গির অধিকারী এক ব্যক্তি একটি দোকানে বসে আছেন।
ভিডিওটি প্রকাশের সঙ্গেসঙ্গে ক্ষমতাধর ও কুখ্যাত নেতার সঙ্গে সাদৃশ্য থাকায় শুরু হয় বিদ্রূপ, কৌতুক ও আলোচনা। তারপর নেটিজেনরা ওই ব্যক্তির দোকানের ঠিকানা, অবস্থান জানিয়ে আরও ভিডিও প্রকাশ করতে থাকেন।
এ পরিস্থিতে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিয়ে বাধার মুখে পড়েন ভাইরাল হওয়া ওই ব্যক্তি। একপর্যায়ে নেটিজেনদের একাংশ নেতানিয়াহুর প্রতি ঘৃণা থেকে ব্যবসায়ীর দোকান বয়কটের আহ্বান জানান। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়ায়।
রাজনৈতিক ব্যক্তির প্রতি বিদ্বেষ থেকে সাধারণ এক ব্যবসায়ীর প্রতি ক্ষোভ সৃষ্টির ঘটনাটি এসেছে ইরান, আরবসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, রাজনৈতিক উত্তেজনার ফলে কীভাবে সম্পর্কহীন একটি ভাইরাল বিষয়, ব্যক্তি নেতিবাচক পরিস্থিতিতে পড়তে তার একটি উদাহরণ এ ঘটনা।