Skip to main content

ইরান যুদ্ধ: দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধ্বস

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১ ২০২৬, ১২:৪০

দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটের ভিতরের চিত্র। ছবি: আল জাজিরা

দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটের ভিতরের চিত্র। ছবি: আল জাজিরা

  • 0

যুদ্ধ চলাকালীন এ দুই বাজারে ক্ষতি হয়েছে ১২ হাজার কোটি তথা ১২০ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে শহর দুটির নাম ওঠে এসেছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের তালিকায়।

অ্যামেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে বড় ধরনের ধ্বস নেমেছে।

যুদ্ধ চলাকালীন এ দুই বাজারে ক্ষতি হয়েছে ১২ হাজার কোটি তথা ১২০ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে শহর দুটির নাম ওঠে এসেছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের তালিকায়।

ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি অ্যামেরিকা-ইসরায়েল যুদ্ধ ঘোষণার পর ক্রমশই তা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

অ্যামেরিকাপন্থী দেশগুলোতে একের পর এক হামলা চালায় ইরান সরকার।

হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দুবাইয়ের প্রধান সূচক ১৬ শতাংশ এবং আবুধাবির ৯ শতাংশ কমে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালীন দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট-ডিএফএমের জেনারেল ইনডেক্স ৪হাজার ৫০০ কোটি ডলারের বাজার মূলধন হারিয়েছে। পাশাপাশি এডিএক্স জেনারেল ইনডেক্স বাজার মূলধন হারিয়েছে ৭হাজার ৫০০ কোটি ডলার।

এদিকে যুদ্ধের প্রভাবে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। এর মধ্যে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক বিমান চলাচলের কেন্দ্র।

ফ্লাইট চলাচলে অচলাবস্থার ফলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।

যুদ্ধাবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাত। গত বছরের তথ্য অনুযায়ী, দেশটির জিডিপি আয়ের ১৩ শতাংশ উপার্জনে ভূমিকা রেখেছে এ খাত।

অন্যদিকে যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ বাহারাইন ও কাতারের ফাইন্যানশিয়াল মার্কেটেও আর্থিক ক্ষতি হয়েছে যথাক্রমে ৪ ও ৭ শতাংশ।

তবে সংকট পরিস্থিতির ভিতর শেয়ারবাজারে তুলনামূলক ইতিবাচক অবস্থান ধরে রেখেছে ওমান ও সৌদি আরব।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের দ্রুত ইতি ঘটলে শেয়ার বাজারে সহজেই ফের ঘুরে দাঁড়াতে পারবে সংযুক্ত আরব আমিরাত।