কুয়েতে ৩৬ বছর আগের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
প্রতিকী ছবি
- 0

প্রতিকী ছবি

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৬, ১০:৩৯
কুয়েতের আল-সালমি মরুভূমিতে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে মো. জাহেদ (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত জাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে। প্রায় ৩৬ বছর আগে ইরাকি আগ্রাসনের সময় মাটির নিচে পুঁতে রাখা একটি অবিস্ফোরিত অ্যান্টি-পার্সোনেল মাইনের বিস্ফোরণে এই প্রাণহানির ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি উটও আহত হয়েছে।
জাহেদের সহকর্মীদের বরাত দিয়ে তার পরিবার জানিয়েছে, গত বুধবার বিকেলে তিনি আল-সালমি মরুভূমি এলাকায় উট চরাতে গিয়েছিলেন। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা মরুভূমির ওই এলাকায় তল্লাশি চালিয়ে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় কর্তৃপক্ষ ও প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, মরুভূমিতে উট চরানোর সময় অসাবধানতাবশত জাহেদের পা মাটির নিচে চাপা পড়ে থাকা অবিস্ফোরিত মাইনটির ওপর পড়ে। এতে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় পুলিশ, উদ্ধারকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদন্ত দলও এলাকাটি ঘিরে ফেলে।
কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার নির্দেশনায় নিহত প্রবাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একই সঙ্গে ওই মরুভূমি এলাকায় মাটির নিচে আরও কোনো অবিস্ফোরিত মাইন বা বিপজ্জনক বিস্ফোরক লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে কুয়েত সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল তল্লাশি অভিযান শুরু করেছে।
ঘটনাটির কারিগরি ও আইনগত দিক তদন্তে কুয়েতের ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগ, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন এবং ক্রাইম সিন ইউনিটের সদস্যরা একযোগে কাজ করছেন। বিস্ফোরক শনাক্তকরণ ও নিরাপদে নিষ্ক্রিয় করার পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে নিহতের মরদেহ দেশে পাঠানো ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের সময় দেশটির সীমান্তবর্তী ও মরুভূমি অঞ্চলে অসংখ্য স্থলমাইন ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। উপসাগরীয় যুদ্ধ শেষ হওয়ার তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও মরুভূমির বালুর নিচে চাপা পড়ে থাকা এসব অবিস্ফোরিত মাইন এখনো স্থানীয় বাসিন্দা ও সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে চলেছে।
