Skip to main content

ক্যালিফোর্নিয়ায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ইরানি নারী অভিবাসী, অস্ত্র পাচারের অভিযোগ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০ ২০২৬, ১৪:২০ হালনাগাদ: এপ্রিল ২০ ২০২৬, ১৫:৫৫

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাতে ওই নারীকে আটক করা হয়। ছবি: রয়টার্স

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাতে ওই নারীকে আটক করা হয়। ছবি: রয়টার্স

  • 0

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, মাফির বিরুদ্ধে ইরান সরকারের পক্ষে সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশে ড্রোন, বোমা, বোমার ফিউজ ও বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহের চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় অস্ত্র পাচারের অভিযোগে ইরানি অভিবাসী এক নারীকে গ্রেপ্তার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম শামিম মাফি (৪৪), যিনি লস অ্যাঞ্জেলেসের উডল্যান্ড হিলস এলাকার বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়।

ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন, মাফির বিরুদ্ধে ইরান সরকারের পক্ষে সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশে ড্রোন, বোমা, বোমার ফিউজ ও বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহের চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

প্রসিকিউটরদের ভাষ্য, মাফি তার প্রতিষ্ঠান ‘অ্যাটলাস ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে এসব অবৈধ অস্ত্র চুক্তিতে জড়িত ছিলেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, একটি চুক্তির আওতায় ইরানের তৈরি ড্রোন সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে বিক্রির ব্যবস্থা করেন মাফি, যার মূল্য ছিল ৬০ মিলিয়ন ইউরোর বেশি। এ চুক্তি সম্পন্ন করতে সুদানি প্রতিনিধিদলের ইরান সফর সমন্বয় করেন তিনি। এর বিনিময়ে তিনি প্রায় ৬ মিলিয়ন ইউরো পান বলে অভিযোগ রয়েছে।

২০১৬ থেকে অ্যামেরিকার স্থায়ী বাসিন্দা মাফি নিয়মিত ইরান, তুরস্ক ও ওমানে ভ্রমণ করতেন। এরমধ্যে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করেছেন। তার প্রথম স্বামী ইরানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ছিলেন বলেও উল্লেখ রয়েছে।

দোষী সাব্যস্ত হলে মাফির সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে তার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে।