উইসকনসিন স্টেইটের মিলওয়াকিতে এক স্টোরেজ ইউনিট থেকে নবজাতকসহ ছয় শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ৩৬ মিনিটে শিশুদের আটকে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অফিসাররা ইউনিটের ভেতরে ২ মাস থেকে ৯ বছর বয়সী ছয়টি শিশুকে দেখতে পান। বাকি শিশুদের বয়স ২, ৩, ৫ এবং ৭ বছর।
এবিসি নিউজ জানায়, স্টোরেজ লকারে জোরপূর্বক প্রবেশের ক্ষেত্রে সহায়তা করার জন্য ফায়ারক্রুদেরও ডাকা হয়। কর্মকর্তারা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৬ বছর বয়সী এক নারী এবং ৩৩ বছর বয়সী এক পুরুষকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মিলওয়াকি কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির অফিস পর্যালোচনা করছে।
স্থানীয় একজন বাসিন্দা এবিসি নিউজকে বলেন, ‘আমি সত্যিই অবাক। জানি না কীভাবে প্রতিক্রিয়া দেখাব। মনে হচ্ছে তারা সাহায্য চাচ্ছিল, কিন্তু জানত না কিভাবে তারা সাহায্য পেতে পারে।’
শিশুদের তালাবদ্ধ করে রাখার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।