


প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ১৩:৫৫ হালনাগাদ: নভেম্বর ১৭ ২০২৬, ১৬:২৪
মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্চ প্রণালীতে নির্মিত ক্রিমিয়া সেতুতে হামলা চালায় ইউক্রেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রুশ হামলার জবাবে মঙ্গলবার (১৭ নভেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো ক্রিমিয়া সেতুতে বড় ধরনের আঘাত হেনেছে ইউক্রেন। অন্যদিকে, পশ্চিম ইউক্রেনের একটি রেলস্টেশনের কাছে রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের সঙ্গে দুই দিনের জন্য সব ধরনের রেল যোগাযোগ স্থগিত করেছে প্রতিবেশী দেশ হাঙ্গেরি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, কার্চ প্রণালির ওপর থাকা ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটির সড়ক অংশ ধসে পানিতে পড়ে গেছে। ক্রিমিয়ার রুশ-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সর্বশেষ হামলায় দুজন নিহত হয়েছেন এবং সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইউক্রেনের সেতু ও অবকাঠামোতে রাশিয়ার হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর দেশটির ২২টি অঞ্চলে ১ হাজার ৪৪১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে আসা ৩২১টি ড্রোনও রয়েছে।
অন্যদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রুশ বাহিনী রাজধানীর দিনিপ্রো নদীর ওপর থাকা নর্থ ও সাউথ ব্রিজসহ অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে মেট্রো ব্যবস্থার আংশিক ক্ষতি হওয়ার পাশাপাশি রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায় এবং যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। এ ছাড়া রাতভর রুশ হামলায় ইউক্রেনের আটটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং চেরকাসি অঞ্চলে তিনজন আহত হয়েছেন।
রুশ ড্রোন হামলার পর ইউক্রেনের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হাঙ্গেরির
রাশিয়ার এই ড্রোন হামলার প্রভাব পড়েছে ইউক্রেনের প্রতিবেশী দেশ হাঙ্গেরির সঙ্গেও রেল যোগাযোগে। পশ্চিম ইউক্রেনের জাকারপাতিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) ও বুধবার (১৮ নভেম্বর) দুই দিনের জন্য ইউক্রেনের সঙ্গে রেল যোগাযোগ স্থগিত করেছে হাঙ্গেরি।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার মঙ্গলবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। মাগিয়ার বলেন, ‘সম্প্রতি একটি রুশ ড্রোন জাকারপাতিয়ায় মুকাচেভো রেলস্টেশনের ৩০০ মিটার দূরে বিধ্বস্ত হয়েছে। হাঙ্গেরি থেকে আসা একটি ট্রেনের হাঙ্গেরীয় ক্রুদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আজ ও আগামীকাল হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে রেল যোগাযোগ স্থগিত করছি।’
এর আগে মঙ্গলবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান এক বিবৃতিতে জানান, ইউক্রেনের স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাকারপাতিয়া অঞ্চলে তিন দফায় হামলা চালায় রুশ ড্রোন। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল মুকাচেভো ও উঝহোরোদ এলাকার আশপাশ। তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে এত দিন তুলনামূলক নিরাপদ থাকা জাকারপাতিয়া অঞ্চলও ভবিষ্যতে একই ধরনের হামলার শিকার হতে পারে।
উল্লেখ্য, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাতিয়া অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত হাঙ্গেরীয় জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এর আগে গত মে মাসেও ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছিল হাঙ্গেরি।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বহুল আলোচিত ত্রিপক্ষীয় সামিটে অংশ নেওয়ার কথা। এর ঠিক আগমুহূর্তে দুই দেশের মধ্যে কৌশলগত অবকাঠামো ও জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা এবং ইউক্রেনের সঙ্গে হাঙ্গেরির রেল যোগাযোগ স্থগিতের ঘটনা যুদ্ধের আঞ্চলিক প্রভাব আরও স্পষ্ট করে তুলেছে।
সূত্র : রয়টার্স।
