২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তিতে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের কোটা ৫ হাজার বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
ধর্মমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে হজযাত্রীদের জন্য সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা তাদের কোটা বাতিল হলে সেই আসনগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
এ বিষয়ে সৌদি মন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান ধর্মমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।