ইযরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব-বিদ্বেষী বর্ণবাদে উসকানি দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইয্যানকট। দীর্ঘ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, একটি ‘জরুরি সরকার’ গঠনের জন্য তিনি সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।
বৃহস্পতিবার নেতানিয়ার কাছে জাতীয় নিরাপত্তা ব্রিফিং গ্রহণের পর এক বিবৃতি তিনি বলেন, ‘ইযরায়েলের আরব নাগরিকরাও এই দেশের ইতিহাসের অংশ। তাদের প্রান্তিকীকৃত করা এবং গোষ্ঠীগতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা রাষ্ট্রের ভিত্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে।’
নির্বাচনের পর সরকার গঠনের ম্যান্ডেট পেলেও গাদি আইয্যানকোটের নেতৃত্বাধীন ব্লকের আসন সংখ্যা ৪৮, যা ৬১ আসনের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। অন্যদিকে বেনজামিন নেতানিয়াহুর ব্লকের আসন রয়েছে ৪৬টি। আরব দলগুলোর হাতে রয়েছে ১৯টি আসন।
আইয্যানকোট তার পূর্বঘোষিত চারটি মূলনীতির ভিত্তিতে দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, অংশীদারদের সাথে আলোচনা বেশ এগিয়ে চলেছে এবং স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠনে তিনি বদ্ধপরিকর।
আইয্যানকোট অভিযোগ করেছেন, বিদায়ী প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা রাজনৈতিক স্বার্থে বর্ণবাদী এবং সহিংস অসত্য প্রচারণা চালাচ্ছেন।
রাজনৈতিক লাভের জন্য কখনোই জাতীয় নিরাপত্তাকে ব্যবহার করা উচিত নয় বলেও সতর্ক করেন সাবেক এই সামরিক প্রধান। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ও নিরাপত্তাগত পরিস্থিতি উত্তরণে এই সংবেদনশীল ট্রানজিশন সময়ে সরকারের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।
আইয্যানকোট জানান, তার ব্লক তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ গ্রহণ করছে। একইসাথে বিদায়ী সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় পরিবর্তন বা জুডিশিয়াল ওভারহোল বাতিল করার বিষয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘বিদায়ী সরকারের অনিয়ন্ত্রিত ও স্বেচ্ছাচারী ক্ষমতার দিন শেষ হয়ে গেছে। পার্লামেন্ট (কেনেসেট) এখন থেকে পুরো জাতির প্রকৃত প্রতিনিধিত্ব করবে।’
ইয়াশার পার্টির আইনপ্রণেতা ইলিয়াসাফ পেরেৎজের মা মিরিয়াম পেরেৎজ সম্প্রতি দাবি করেছিলেন যে, আরব দলগুলোর উপর নির্ভরশীল কোনো জোটে আইয্যানকোট গেলে— মিরিয়ামের ছেলে দল থেকে পদত্যাগ করবেন। এই প্রসঙ্গে আইয্যানকোট জানান যে, তিনি পেরেৎজ পরিবারকে দীর্ঘ ৩০ বছর ধরে চেনেন এবং ইলিয়াসাফের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
তবে তিনি ইয়াশার পার্টির কেনেসেট সদস্য ও শোকসন্তপ্ত পরিবারগুলোর বিরুদ্ধে চলা কুৎসিত, বিষাক্ত প্রচারণা এবং হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘কোনো বিষাক্ত কৌশল বা প্রক্সি রাজনীতি তাদের লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারবে না।’