২০২৮ নির্বাচনে রিপাবলিকানদের পছন্দে রুবিও-ভ্যান্স, ডেমোক্র্যাটদের আলোচনায় অসফ-বুটিজাজ
- 0


প্রকাশিত: নভেম্বর ১২ ২০২৬, ১৫:৪৩ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৬, ২১:৩৪
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রিপাবলিকান পার্টির জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এবং ডেমোক্র্যাটিক পার্টির জন অসফ ও পিট বুটিজাজ। রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে দুই দলের ভোটারদের মধ্যে এই চার নেতার প্রতি আগ্রহের চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মার্কো রুবিওকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ‘চমৎকার’ বলে মূল্যায়ন করেছেন। একই মূল্যায়ন পেয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁকে চমৎকার প্রার্থী মনে করেন ৪৩ শতাংশ রিপাবলিকান ভোটার।
অন্যদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চমৎকার মনে করেন ৩২ শতাংশ রিপাবলিকান। এ ছাড়া ডনাল্ড ট্রাম্প জুনিয়র ও টেক্সাসের সেনেটর টেড ক্রুজের নামও ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। সব মিলিয়ে রিপাবলিকান পার্টির আরও প্রায় এক ডজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।
ডেমোক্র্যাট পার্টির ভোটারদের মধ্যে জন অসফ ও পিট বুটিজাজ দুজনই ২৯ শতাংশ করে সমর্থন পেয়েছেন। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাট ভোটারদের কাছে তাঁদের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ‘চমৎকার’ মনে হয়েছে।
জর্জিয়ার সেনেটর জন অসফ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে জাতীয় পর্যায়ে আলোচনায় এসেছেন। ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্ট পদে থাকার অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। গত সপ্তাহে জর্জিয়ায় সেনেট নির্বাচনে তিনি ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একই স্টেটে ট্রাম্প জয় পেয়েছিলেন ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে।
অন্যদিকে, পিট বুটিজাজ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পাওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন। সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা বুটিজাজের পরিচিতি অসফের তুলনায় বেশি। জরিপে প্রায় এক-পঞ্চমাংশ ডেমোক্র্যাট ভোটার জানিয়েছেন, তাঁরা বুটিজাজের নাম কখনো শোনেননি। জন অসফের ক্ষেত্রে এ হার প্রায় এক-তৃতীয়াংশ। রিপাবলিকান ভোটারদের মধ্যেও রুবিওকে চেনেন না প্রায় প্রতি ছয়জনে একজন। তবে ভ্যান্স সম্পর্কে জানেন না, এমন ভোটারের সংখ্যা খুবই কম।
নির্বাচনে প্রার্থীদের নিজ পরিচিত কিছুটা সুবিধা পেলেও প্রচারণার মাধ্যমে নতুন প্রার্থীরাও জনপ্রিয় হয়ে উঠতে পারেন।
ডেমোক্র্যাটদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রত্যেকে ২৩ শতাংশ ভোটারের কাছে চমৎকার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। অন্যদিকে, নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ পেয়েছেন ১৫ শতাংশ সমর্থন।
২০২৮ নির্বাচনেও প্রভাব থাকবে ট্রাম্পের
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকলেও ২০২৮ সালের নির্বাচন ঘিরে দুই দলের আলোচনায় তাঁর প্রভাব এখনো গুরুত্বপূর্ণ। রিপাবলিকানদের মধ্যে মতভেদ রয়েছে, পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের রাজনৈতিক অবস্থান অনুসরণ করবেন, নাকি তাঁর থেকে ভিন্ন পথে হাঁটবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কাছে ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে তাঁরা পছন্দ করেন, তা জানতে চেয়েছেন। তবে রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান প্রাইমারিতে তিনি কাউকে সমর্থন করবেনই, এমন নয়।
এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে রিপাবলিকানদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। ট্রাম্পের প্রতি রিপাবলিকানদের বাড়তে থাকা অসন্তোষের অন্যতম কারণ হিসেবে এই যুদ্ধকে উল্লেখ করেছে রয়টার্স।
রুবিও আমেরিকার শীর্ষ কূটনৈতিক পদে থাকলেও ইরানের সঙ্গে এখন পর্যন্ত ফলহীন শান্তি আলোচনার অনেকগুলোতে তাঁর দৃশ্যমান উপস্থিতি ছিল না। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন ভ্যান্স। তিনিও ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন।
ডেমোক্র্যাটদের মধ্যেও মতভেদ
৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে পরাজিত করার পর ডেমোক্র্যাটদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। তবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থান নেওয়া উচিত, তা নিয়ে দলটির নেতাদের মধ্যে মতভেদ রয়েছে। বিশেষ করে ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া উচিত কি না, তা নিয়ে অবস্থান এক নয়।
ওকাসিও-কর্টেজ সিএনএনকে বলেছেন, ট্রাম্পের ইমপিচমেন্টের বিষয়টি বিবেচনায় রাখা উচিত। তবে পিট বুটিজাজ নিউ ইয়র্কার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এ বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই।
ডেমোক্র্যাট কৌশলবিদ এলেইন কামার্ক এখনই জরিপের ফলাফল দেখে ২০২৮ সালের নির্বাচনের সম্ভাব্য চিত্র নির্ধারণ না করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, দুই দলের অনেক সম্ভাব্য প্রার্থী এখনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। ফলে এখনই কে এগিয়ে থাকবেন, তা বলা সম্ভব নয়।
যেভাবে পরিচালিত হয়েছে জরিপ
রয়টার্স/ইপসোসের এ জরিপে অ্যামেরিকার মোট ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাট পার্টির প্রত্যেকটির প্রায় ৫০০ জন নিবন্ধিত ভোটার ছিলেন। জরিপটি ৯ নভেম্বর সম্পন্ন হয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট ভোটারদের ক্ষেত্রে জরিপের ত্রুটিসীমা ছিল ৫ শতাংশ পয়েন্ট।
তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এখনো অনেক দূরে। সম্ভাব্য চার প্রার্থীর কেউই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেননি। ফলে দুই দলের মনোনয়ন দৌড়ে নতুন মুখ যুক্ত হওয়া এবং ভোটারদের মতামত পরিবর্তনের যথেষ্ট সুযোগ রয়েছে।
