


প্রকাশিত: নভেম্বর ১২ ২০২৬, ১২:৫৬ হালনাগাদ: নভেম্বর ১২ ২০২৬, ১২:৫৬

কপ-৩১ জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশন বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউএনবি
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ ও ঋণের বোঝা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন, যা তাদের ঋণের বোঝা বাড়াবে না।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব দেন।
নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির সুযোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও জোরালো সহায়তার আহ্বানও জানান তিনি।
তারেক রহমান বলেন, বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে পূরণ হচ্ছে না।
এ সময় ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রথমত, প্রতিটি দেশের অগ্রাধিকার বিবেচনায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে জলবায়ু কার্যক্রমে বিনিয়োগের বিনিময়ে ঋণ মওকুফ বা শর্ত পরিবর্তন এবং জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধ স্থগিতের মতো ব্যবস্থা চালুর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তৃতীয়ত, জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে সহায়তার আহ্বান জানান তিনি।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যকে মূল ভিত্তি ধরে ন্যায়সংগত রূপান্তরের লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে বেলেম-আনতালিয়া কর্মপদ্ধতি গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও আর্থিক সম্পদের সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশটি সামনের সারিতে রয়েছে।
এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে পরিচালিত সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি বলেও জোর দেন তিনি।
তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে বিশেষ কর-সুবিধা দিয়ে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার কাজ চলছে।
তিনি আরও বলেন, সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, পরিবেশবান্ধব শিল্প, বৈদ্যুতিক যানবাহন ও পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করার পাশাপাশি কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামোও তৈরি করছে।
আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ নিশ্চিত করতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় নতুন করে জেগে ওঠা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ করছে বাংলাদেশ। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীলতা বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা, পরিবেশবান্ধব মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনের সুযোগ ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল বয়ে আনবে।
তিনি বলেন, ‘আসুন, আমাদের অঙ্গীকারকে বাস্তবে রূপ দিই। বৈশ্বিক সংহতি আরও জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ১০ নভেম্বর আনতালিয়ায় পৌঁছান তারেক রহমান।
