নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় আড়াই সপ্তাহ ধরে অস্ত্র ঠেকিয়ে এক লাখ ডলার সমমূল্যের অলংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ।
ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ড্যারেল ক্লার্ক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সবাই একই দলের সদস্য, যাদের মধ্যে একজন কিশোর। তাদের বয়স ১৬ থেকে ২৯ বছরের মধ্যে।
ব্রঙ্কসের কিংসব্রিজ, মট হ্যাভেন ও ফোর্ডহ্যাম এলাকায় গত ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছিনতাই হয়। ওই সময়ের মধ্যে ছিনতাইকারীরা বিপুল পরিমাণ অলংকার লুট করেন, যার মোট অর্থমূল্য এক লাখ ডলার।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভয় দেখিয়ে ছিনতাই, সম্মিলিত অপরাধ পরিকল্পনা, বৃহৎ পরিসরে লুটপাটের মামলা করা হয়েছে।
এ ঘটনায় ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস শুক্রবার জনসাধারণের উদ্দেশে ডাকাতির একটি সিসিটিভি ভিডিও প্রকাশ করে।
ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগীর দিকে বন্দুক ঠেকিয়ে অলংকার দাবি করছে ১৬ বছর বয়সী সন্দেহভাজন কিশোর। আর নীল রঙের মপেডে চড়ে কাছাকাছি অবস্থান নিতে দেখা যায় অপর এক সন্দেহভাজনকে।
ভিডিওতে ছিনতাইকারী দলের প্রত্যেকের মুখে কালো মাস্ক দেখা যায়।