নেইটোর সদস্যপদ পাওয়ার শর্ত হিসেবে ট্রাম্প প্রশাসন ইউক্রেইনকে ভূখণ্ড ছেড়ে দেয়ার মতো প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি। শনিবার এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপি জানায়, ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ইউক্রেইন-রাশিয়া বৈঠকের পর প্রকাশিত মন্তব্যে যেলেন্সকি এই দাবি তোলেন। ডেনমার্ক ও আয়ারল্যান্ড সফর শেষে শুক্রবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও মন্তব্যটি প্রকাশে নিষেধাজ্ঞা ছিলো বলেও দাবি করে এএফপি।
আবুধাবিতে ত্রিপক্ষীয় সংলাপ শেষে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ডাবলিনে যেলেন্সকির সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকফ এবং জ্যারেড কুশনার। ওই বৈঠকের এমন আকস্মিক প্রস্তাব পান যেলেন্সকি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতের অবসান ঘটাতে আবুধাবির ওই বৈঠকে কোনো তাৎক্ষণিক কূটনৈতিক অগ্রগতি হয়নি। তবে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোীপিয় কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সবপক্ষ একমত হয়েছে। আবুধাবির বৈঠকে অ্যামেরিকান দূত হিসেবে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেন এবং পরবর্তীতে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যেলেন্সকির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।
যেলেন্সকি জানান, বৈঠকে অ্যামেরিকান পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল—‘যদি ইউক্রেইন ন্যাটোতে যোগ দেয়, তবে কি ইউক্রেইন ডনবাস থেকে সরে দাঁড়াবে?’ এই প্রথম এমন প্রশ্ন বা প্রস্তাব উত্থাপন করা হলো। তিনি বলেন, ইউক্রেইন বর্তমানে নেইটো ও ইইউ-এর কাছ থেকে নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে। পশ্চিমা দেশগুলো যদি তা নিশ্চিত করে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ইউক্রেনিয়ান সমাজের মতামত চাইবেন, কারণ এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই।
এদিকে, জ্বালানি অবকাঠামোতে হামলার ওপর যুদ্ধবিরতির প্রস্তাব আবুধাবির বৈঠকে রাশিয়া ফিরিয়ে দিয়েছে বলে জানান যেলেন্সকি। এছাড়া, কস্ট্যানটিনোভকায় পুতিনের প্রস্তাবিত 'মানবিক মিশন'-কে ওই শহর থেকে কিয়িভের কতৃত্ব সরিয়ে দেওয়ার একটি কৌশল হিসেবে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে দোনেৎস্ক অঞ্চলে ক্রেমলিন তাদের দখল ও নিয়ন্ত্রণ আরো বাড়াতে চায় বলে অভিযোগ করেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
ইউরোপের নিরাপত্তা কাঠামো পরিবর্তনের ক্রেমলিনের দাবিগুলোকে অত্যন্ত ‘বিপজ্জনক’ উল্লেখ করে যেলেন্সকি সতর্ক করেছেন যে, এ ধরনের পদক্ষেপ আরো বড় যুদ্ধ বা সংঘাতের জন্ম দিতে পারে। ইউরোপের একমাত্র বাস্তব নিরাপত্তা ইইউ এবং নেইটোর ওপরই নির্ভর করে বলে জোর দেন তিনি