দেশের নতুন রূপরেখা ও জাতি গঠনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য আছে, তাকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এমনকি রাস্তায় একটি ময়লা কাগজ পড়ে থাকলেও তা নিজ দায়িত্বে পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে।’
প্রায় দেড় যুগ পর সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওই সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
কার্যালয়ের বাইরে ভিড় জমান বিএনপির হাজারো নেতা-কর্মী। তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতা-কর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।