অ্যামেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি নাগরিকদের ভর্তি বন্ধের প্রস্তাব দেওয়ার পর হংকং ঘোষণা দিয়েছে, তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিজেদের বিশ্ববিদ্যালয়গুলো আরও উন্মুক্ত করবে।
হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রায় এক-পঞ্চমাংশ চায়না থেকে আসে। ট্রাম্পের প্রস্তাবের প্রভাব পড়তে পারে এই বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর ওপর।
এই প্রেক্ষাপটে হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের হংকং ও মূল ভূখণ্ড চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাগত জানাতে প্রস্তুত।’
তিনি জানান, অ্যামেরিকা বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে হংকং শিক্ষা ব্যুরো ইতোমধ্যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহজ ও আকর্ষণীয় ভর্তি প্রক্রিয়া চালু করে।
ক্রিস্টিন চোই আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো হংকংকে একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা, যেখানে প্রতিভাবান শিক্ষার্থীরা নিরাপদ, উদার এবং গবেষণাবান্ধব পরিবেশে তাদের শিক্ষাজীবন গড়ে তুলতে পারবে।’
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিগুলো বিশ্বজুড়ে শিক্ষার্থীদের বিকল্প গন্তব্য খুঁজতে উদ্বুদ্ধ করছে, যার ফায়দা নিতে চাইছে হংকং ও চীন।