প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ১৩:৪২ হালনাগাদ: নভেম্বর ২০ ২০২৬, ১৪:০৫
ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী কাতাইব হিযবুল্লাহ নিয়ন্ত্রিত বাবিল প্রদেশের জুরফ আল সাখার এলাকায় প্রবেশ করছে ইরাকি নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স
0
জাইদি সরকারের কড়া অবস্থানের পর ইরাক সফর করেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। সে সময় ইরাকি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, কোনো এলাকাই ফেডারেল ইরাকি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে থাকবে না। এরপরই জ্যেষ্ঠ শিয়া রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় এই সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়, যার আওতায় কাতাইব হিযবুল্লাহর সদস্যরা জুরফ আল-সাখার ছেড়ে ইরাকের অন্যান্য অঞ্চলে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়।
ইরানের শক্তিশালী সশস্ত্র মিত্র কাতাইব হিযবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখারে প্রবেশ করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। শুক্রবার বাবিল প্রদেশের কাতাইব নিয়ন্ত্রিত তেল সমৃদ্ধ এলাকাটিতে প্রবেশ করে ইরাকি সশস্ত্র বাহিনী ও ফেডারেল পুলিশ। সরকারি বাহিনীর এই মোতায়ানকে, সমগ্র ইরাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শুরুর সূচনা পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী আলি ফালেহ আল জাইদি।
শিয়া নেতাদের মধ্যস্থতায় হওয়া এক সমঝোতা চুক্তির আওতায় সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা এলাকাটি ছেড়ে অন্যত্র সরে যেতে সম্মত হওয়ায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা আপাতত কেটে গেছে।
এদিন সকালেই ইরাকের বাবিল প্রদেশের জুরফ আল-সাখার এলাকায় কাতাইব হিযবুল্লাহর চেকপোস্ট অতিক্রম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যান ও পুলিশের গাড়িবহর প্রবেশ করতে দেখা গেছে। কোনো ধরনের সংঘাত ছাড়াই সমন্বিত এই নিরাপত্তা দলের মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে।
জুরফ আল সাখারে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রবেশ অভিযান তদারকি করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী আলি আল জাইদি। শুক্রবার, ২০ নভেম্বর, বাগদাদ। ছবি: রয়টার্স
রাষ্ট্রীয় মালিকানাধীন শত শত মিলিয়ন ডলারের তেল পাচারের নেটওয়ার্ক চালানোর অভিযোগে সম্প্রতি কাতাইব হিযবুল্লাহর বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছিলেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। এই অভিযোগকে কেন্দ্র করে কয়েকজনকে গ্রেপ্তারের পর গোষ্ঠীটির সঙ্গে সরকারি বাহিনীর সরাসরি সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল।
জাইদি সরকারের কড়া অবস্থানের পর ইরাক সফর করেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। সে সময় ইরাকি প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, কোনো এলাকাই ফেডারেল ইরাকি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে থাকবে না। এরপরই জ্যেষ্ঠ শিয়া রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় এই সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়, যার আওতায় কাতাইব হিযবুল্লাহর সদস্যরা জুরফ আল-সাখার ছেড়ে ইরাকের অন্যান্য অঞ্চলে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়।
অভিযান ও বাহিনী পুনর্বিন্যাস তদারকি করতে জুরফ আল-নাসর বা জুরফ আল-সাখারে একটি নিয়ন্ত্রণ কমান্ড সদর দপ্তর খোলা হয়েছে। জুরফ আল-সাখার অপারেশনসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ হাতেম হামিদ জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের (প্রধানমন্ত্রী) নির্দেশ অনুযায়ী গঠিত এই কমান্ড সেন্টারে হাশদ আল-শাবি, ইরাকি সেনাবাহিনী ও ফেডারেল পুলিশের একটি করে ব্রিগেড দায়িত্ব পালন করবে এবং এলাকায় বাহিনী পুনর্বিন্যাস ও দায়িত্ব রদবদল করবে।
ইরান-সমর্থিত মিলিশিয়াগুলোর নিয়ন্ত্রণাধীন ছাতা সংগঠন ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। পিএমএফ-এর ডেপুটি চিফ অব স্টাফ ইয়াসের আল-ইসাউই নিশ্চিত করেছেন যে, ৪৫, ৪৬ এবং ৪৭ নম্বর ব্রিগেড হাশদ আল-শাবির অবিচ্ছেদ্য অংশ এবং প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনী প্রধানের অধীনস্থ হয়ে তার সব আদেশ মেনে চলতে বাধ্য।
কাতাইব হিযবুল্লাহর একজন সশস্ত্র সদস্য। শুক্রবার, ২০ নভেম্বর, জুরফ আল সাখার। ছবি: রয়টার্স
ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফের মুখপাত্র সাবাহ আল-নুমান এই পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেছেন, ‘ইরাকি সশস্ত্র বাহিনী জাতির ঢাল ও স্থিতিশীলতা নিশ্চিতকারী অভিভাবক হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং বাহিনী রদবদল ও দায়িত্ব হস্তান্তরের এই প্রক্রিয়া একটি নিয়মিত সামরিক কার্যক্রম।’
তেল পাচারের অভিযোগে চলা তদন্তের জেরে এখন পর্যন্ত ৯ জন জ্যেষ্ঠ নিরাপত্তা ও তেল কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যদিও কাতাইব হিযবুল্লাহ তেল পাচারের অভিযোগ অস্বীকার করেছে। ইউএস ও ইযরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলে আমেরিকান বাহিনীর ওপর হামলার দাবি করে আসছে গোষ্ঠীটি।
বাগদাদের মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই কৌশলগত ঘাঁটিতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী আলী আল-জাইদির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্র করতে বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে এনে পুরো দেশকে স্বতন্ত্র সশস্ত্র গোষ্ঠীমুক্ত করার যে চাপ রয়েছে, তার বাস্তবায়ন বাগদাদের জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।