ভারত নিজ দেশের মানুষের ওপর ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এমন অভিযোগ করেন।
আইএসপিআর ডিজির বরাতে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন শনিবার জানায়, আদমপুর থেকে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এর মধ্যে একটি তাদের নিজেদের ভূখণ্ডের আদমপুরকে লক্ষ্য বানায়। অন্য পাঁচটি পাঞ্জাবের অমৃতসরে আঘাত হানে।
ভারতীয় পাঞ্জাবের জালান্ধার জেলার একটি শহর এলাকা হলো আদমপুর।
আইএসপিআর ডিজি বলেন, ‘ভারত তাদের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় পাঞ্জাবের শিখ জনগণকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের (ভারত) অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ভুক্তভোগী শিখ ও অন্য সংখ্যালঘুদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।
‘এটি জঘন্য অগ্রগতি এবং সর্বোচ্চ পর্যায়ের উসকানি, যেখানে ভারত এখন তার নিজ জনগণের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে, যার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। এটা কাণ্ডজ্ঞানহীন কাজ।’