ওয়াশিংটন ডি. সিতে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনায় অভিযুক্ত কোল টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, অ্যালেন ক্যালিফোর্নিয়া স্টেইটের টরেন্স এলাকার বাসিন্দা। নিজ এলাকায় একটি সুপরিচিত অ্যামেরিকান টিউটরিং ও কলেজ কাউন্সেলিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন তিনি।
অ্যালেনের কর্মস্থল তথা ওই প্রতিষ্ঠানটি হলো সি-২ এডুকেশন। সামাজিক মাধ্যম ফেসবুকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘টিচার অফ দ্য মান্থ পুরস্কারও পেয়েছিলেন অ্যালেন।
অন্যদিকে অভিযুক্তের লিংকড ইন অ্যাকাউন্ট থেকে জানা গেছে, খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন অ্যালেন।
হোয়াইট হাউস থেকে অদূরবর্তী হোটেল হিলটনে শনিবার রাতে বন্দুক হামলা চালান অ্যালেন। অ্যালেন যখন হামলা চালান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তখন হোটেলটিতে সাংবাদিকদের সঙ্গে একটি নৈশভোজে অবস্থান করছিলেন। গুলির সঙ্গে সঙ্গে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী।
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেফ্রি ক্যারল জানান, হামলার আগে হিলটন হোটেলে অতিথি হিসেবে অবস্থান নিয়েছিলেন অ্যালেন। হোটেলে তার কক্ষটি ঘেরাও দেওয়া হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।
ক্যারল আরও জানান, সন্দেহভাজনের হামলার উদ্দেশ্য কী ছিল- তা এখনও নিশ্চিত নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, অ্যালেন একাই এ হামলাটি ঘটিয়েছেন।
তবে এক জবানবন্দিতে সন্দেহভাজন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করেই তিনি হামলা চালিয়েছেন।