ব্রুকলিনে ১২ মিনিটে দুইবার ডাকাতির চেষ্টা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০ ২০২৫, ২৩:৩৪ হালনাগাদ: আগস্ট ২৬ ২০২৫, ১৭:২২

অ্যাভিনিউ ওয়ানের কাছে কোনি আইল্যান্ডে ইউএস পোস্টাল সার্ভিসের মিডউড শাখা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

অ্যাভিনিউ ওয়ানের কাছে কোনি আইল্যান্ডে ইউএস পোস্টাল সার্ভিসের মিডউড শাখা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পোস্ট অফিসের পর ইস্ট ফ্ল্যাটবুশের ইউটিকা অ্যাভিনিউ ও গ্লেনউড রোড এলাকার চেক ক্যাশিং সেবাদাতা প্রতিষ্ঠান পে-ও-ম্যাটিকে ডাকাতির চেষ্টা করেন একই ব্যক্তি। তাতেও ব্যর্থ হন তিনি।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে সোমবার দুপুরে একটি পোস্ট অফিসে ডাকাতির চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।

এ ঘটনার প্রায় ১২ মিনিট পর একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা চালিয়েছেন একই ব্যক্তি। দুবারই ব্যর্থ হয়েছেন তিনি।

পোস্ট অফিসে ডাকাতির ব্যর্থ চেষ্টা

অ্যাভিনিউ ওয়ানের কাছে কোনি আইল্যান্ডে ইউএস পোস্টাল সার্ভিসের মিডউড শাখায় বেলা একটা ১০ মিনিটে ডাকাতির চেষ্টা হয় বলে জানায় পুলিশ। ডাকাতির চেষ্টাকারী ওই সময় বেশ কয়েকটি গুলি ছুড়লেও এতে কেউ হতাহত হননি।

পুলিশ সূত্রগুলোর বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, নীল রঙের হেলমেট ও কালো ব্যাগ বহন করা ব্যক্তিটি পোস্ট অফিসে ঢুকে ৩৭ বছর বয়সী এক নারীর পিঠে বন্দুক ঠেকিয়ে ধরেন। সে সময় পোস্ট অফিসের একমাত্র সেবাগ্রহীতা ছিলেন ওই নারী। পরবর্তী সময়ে পোস্ট অফিসের সেবাদাতার কাছে অর্থ চান ডাকাতির চেষ্টাকারী, কিন্তু সেবাদাতা তাতে অস্বীকৃতি জানান।

পরে পোস্ট অফিসের দরজায় গুলি করে কালো মপেডে চড়ে কোনি আইল্যান্ড অ্যাভিনিউ ধরে উত্তরের দিকে যান ওই ব্যক্তি। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা

পোস্ট অফিসের পর ইস্ট ফ্ল্যাটবুশের ইউটিকা অ্যাভিনিউ ও গ্লেনউড রোড এলাকার চেক ক্যাশিং সেবাদাতা প্রতিষ্ঠান পে-ও-ম্যাটিকে ডাকাতির চেষ্টা করেন একই ব্যক্তি। তাতেও ব্যর্থ হন তিনি।

সূত্রগুলো এনওয়াই ডেইলি নিউজকে জানায়, দ্বিতীয়বার ডাকাতির চেষ্টার পর পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় ওই ব্যক্তির মপেড। এর পরপরই তাকে হেফাজতে নেয় পুলিশ।