নিবার গাযার বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা এবং গুলিবর্ষণে হতাহতের পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় দখলদার সেনাদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
গাযা উপত্যকা ও অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ইযরায়েলি বাহিনীর হামলায় অন্তত চার প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। শনিবার গাযার বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা এবং গুলিবর্ষণে হতাহতের পাশাপাশি ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় দখলদার সেনাদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
দিনের শুরুতেই গাযা সিটির দক্ষিণ-পশ্চিমাংশের তেল আল-হাওয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এই হামলায় ঘটনাস্থলেই তিন প্যালেস্টিনিয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আল-শিফা হাসপাতালের একজন মুখপাত্র ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।
পৃথক ঘটনায় উত্তর গাযা উপত্যকার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইযরায়েলি বাহিনীর গুলিতে এক প্যালেস্টিনিয়ান ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাযার খান ইউনিসেও ইযরায়েলি হামলা অব্যাহত রয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি ইলেকট্রিক বাইসাইকেলে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে ইযরায়েলি ড্রোন হামলা চালানো হলে তিনজন প্যালেস্টিনিয়ান আহত হন। দক্ষিণ গাযার নাসের মেডিকেল কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, খান ইউনিসের দক্ষিণে ইযরায়েলি নিয়ন্ত্রণের বাইরের একটি এলাকায় দখলদার সেনাদের গুলিতে এক নারী ও এক শিশু আহত হয়। পাশাপাশি গাযা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলাও চালিয়েছে আইডিএফ।
অন্যদিকে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লা গভর্নরেটে ইযরায়েলি বাহিনী কয়েকটি অভিযান চালিয়েছে। এর মধ্যে দুরা আল-কারিয়া এলাকায় দখলদার সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ওই ব্যক্তির মরদেহ কয়েক ঘণ্টা আটকে রাখার পর প্যালেস্টিনিয়ান অ্যাম্বুলেন্স কর্মীদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে আত-তিরা এলাকায় ইযরায়েলি সেনাদের ছোড়া কাঁদানে গ্যাসে অন্তত ১১ জন আহত হন বলে জানা গেছে। প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, আহতরা মারাত্মক শ্বাসকষ্টে ভোগেন। প্যালেস্টিনিয়ান সিভিল অ্যাফেয়ার্স কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অধিকৃত ওয়েস্ট ব্যাংকজুড়ে সেটলারদের ২৪টি হামলার ঘটনা ঘটেছে।