
অ্যামেরিকা ছাড়ছেন আইসের হাতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ৮:৪৬ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৬:০৪

আইসের হাতে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা জন লুক ইভান্স। ছবি: এনবিসি
- 0
গত ২৫ জুলাই জ্যামাইকার ওল্ড অর্চার্ড বিচ পুলিশ ডিপার্টমেন্টের রিজার্ভ অফিসার জন লুক ইভান্সকে গ্রেপ্তার করে আইস।
অভিবাসন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া মেইনের একজন পুলিশ কর্মকর্তা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে সম্মত হয়েছেন। সোমবার ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এ তথ্য জানিয়েছে।
গত ২৫ জুলাই জ্যামাইকার ওল্ড অর্চার্ড বিচ পুলিশ ডিপার্টমেন্টের রিজার্ভ অফিসার জন লুক ইভান্সকে গ্রেপ্তার করে আইস। অভিবাসন আইনের কঠোর প্রয়োগের অংশ হিসেবে সংস্থাটি এ পদক্ষেপ নেয়।
তবে শহর ও পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন, ফেডারেল কর্তৃপক্ষ আগে তাদের অবহিত করেছিল যে, ইভান্সের অ্যামেরিকায় কাজ করার জন্য আইনগত অনুমোদন রয়েছে।
একজন আইস প্রতিনিধির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, একজন বিচারক ইভান্সের স্বেচ্ছা প্রস্থানের সিদ্ধান্ত মঞ্জুর করেছেন। ইভান্স চাইলে যেকোনো মুহূর্তে চলে যেতে পারেন। তবে আইসের ঐ প্রতিনিধি ইভান্সের মামলা সম্পর্কে অন্যান্য বিবরণ প্রদান করেননি।
ইভান্সের গ্রেপ্তারের পর ওল্ড অর্চার্ড বিচের পুলিশ এবং আইসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পুলিশ প্রধান এলিস চার্ড বলেছেন, ফেডারেল কর্মকর্তারা পুলিশকে জানিয়েছিলেন যে ইভান্স দেশের মধ্যে আইনত কাজ করার অনুমতি পেয়েছেন।
এছাড়া, ইভান্সকে নিয়োগ করার আগে শহরটি হোমল্যান্ড সিকিউরিটির ই-ভেরিফাই প্রোগ্রামের মাধ্যমে তথ্য যাচাই করে।তবে এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন শহরটিকে এই প্রোগ্রামের ওপর খুব বেশি নির্ভর করায় সমালোচনা করেন।
ই-ভেরিফাই একটি অনলাইন সিস্টেম যা নিয়োগকর্তাদের পর্যবেক্ষণ করতে সাহায্য করে যে সম্ভাব্য কর্মীরা অ্যামেরিকায় বৈধভাবে কাজ করতে পারবেন কিনা।
সোমবার আইসের ওয়েবসাইট থেকে জানা যায় ইভান্সকে রোড আইল্যান্ডের সেন্ট্রাল ফলসে অবস্থিত ডনাল্ড ডব্লিউ. ওয়াট ডিটেনশন ফ্যাসিলিটিতে রাখা হয়েছে। তবে, ওয়াটের একজন প্রতিনিধি জানিয়েছেন যে ইভান্সকে ম্যাসাচুসেটসের বার্লিংটনে অবস্থিত একটি আইসিই ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। এই অসঙ্গতির বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও আইসিই কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
আইস কর্মকর্তারা গত জুলাই মাসে জানান, ইভান্স তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করেছেন এবং বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র কেনার চেষ্টা করেছেন।
ডব্লিউএমটিডব্লিউ টিভি সোমবার জানায়, ইভান্সের স্বেচ্ছায় প্রস্থানের সম্মতির অর্থ হল নির্বাসন এড়াতে তাকে নিজের খরচে দেশত্যাগ করার অনুমতি দেওয়া হবে।