বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে মহাসড়কে ৮৬টি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪৬ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেশটির রাজধানী সোফিয়া থেকে কৃষ্ণসাগর উপকূলের বুরগাস বন্দরের সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী কাটিয়া ইভকোভা জানান, ত্রাকিয়া মহাসড়কে স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিপরীতমুখী দুই লেনে পৃথক দুটি বড় সংঘর্ষ ঘটে। এতে ১০ জন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আহত ৪৬ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএর বরাতে এপি জানায়, দুর্ঘটনায় ৮৬টি যানবাহন জড়িয়ে পড়ে। এর মধ্যে বুরগাসগামী লেনে ৬৩টি এবং বিপরীত লেনে ২৩টি যানবাহন ছিল। দুর্ঘটনার পর মহাসড়কটির উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সম্প্রচারমাধ্যম নোভা টিভিতে প্রকাশিত ড্রোনের ফুটেজে দেখা যায়, ঘন কুয়াশার মধ্যে ট্রাক, ভ্যান ও ব্যক্তিগত গাড়ি একে অপরের সঙ্গে আটকে রয়েছে। কয়েকটি গাড়ি ট্রাকের নিচে দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা যায়।
ঘটনাস্থলে সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া, ভেজা সড়ক এবং পরিস্থিতির তুলনায় অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দেন ইয়াম্বোলের আঞ্চলিক গভর্নর জর্জি চালাকভ। বিটিএকে তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় ৫০টি যানবাহন এতে জড়িত ছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ হয়।
ইয়াম্বোল অঞ্চলের আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান পরিদর্শক মিহাইল কাশেরভ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার দৃশ্য বর্ণনা করা কঠিন। এমন ভয়াবহ দুর্ঘটনা তিনি আগে কখনো দেখেননি।
দুর্ঘটনার কারণে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে নির্ধারিত বৈঠক ছেড়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। অন্যদিকে, বুলগেরিয়া সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ভন ডার লিয়েন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি উদ্ধারকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।
এদিকে বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভাও প্যারিস পিস ফোরামে অংশগ্রহণ সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।