রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ আলী আশরাফ মাসুম। তিনি বলেন, হত্যার দায়ে আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ায় রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাত করেন লিমন।
এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয় তার মাকে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।