শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার জিরাবো এলাকায় অরুণিমা গ্রুপের তিনটি কারখানা—অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড, ডিএমসি অ্যাপারেলস লিমিটেড ও ডিএমসি ওয়াশিং লিমিটেড এবং সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার একই ধারায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউএজ গ্রুপের তিনটি কারখানা—নিউএজ গার্মেন্টস লিমিটেড, নিউএজ অ্যাপারেলস লিমিটেড ও কেইলক নিউএজ বাংলাদেশ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়।
শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের অর্থ হলো ‘নো ওয়ার্ক, নো পে’। অর্থাৎ, এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো আবার চালু করা হবে।
তবে শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়াতে পারে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টুর মতে, এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। ফলে এমন সিদ্ধান্ত শ্রমিকদের আন্দোলন আরও উসকে দিতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক আছে। তিন থেকে চারটি কারখানার শ্রমিক কাজ না করে বেরিয়ে গেলেও বড় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
বেতন বৃদ্ধির দাবিতে গত ৩১ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু করে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। শ্রমিকদের দাবি, তাদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করতে হবে, যা বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ। কয়েক দফা আলোচনার পরও সমঝোতা না হওয়ায় বিক্ষোভ এখনও অব্যাহত আছে।