অ্যাস্ট্রোট্যুরিজম
হিমালয়ের রাতের আকাশ চিনিয়ে পর্যটকদের পথ দেখাচ্ছেন চার তরুণী
হানলের অ্যাস্ট্রো-অ্যাম্বাসাডর চার তরুণী
- 0

হানলের অ্যাস্ট্রো-অ্যাম্বাসাডর চার তরুণী

প্রকাশিত: নভেম্বর ১৬ ২০২৬, ১৬:৪৩ হালনাগাদ: নভেম্বর ১৬ ২০২৬, ১৭:০৩

রাত তখন প্রায় ১০টা। ভারতের লাদাখ অঞ্চলের প্রত্যন্ত গ্রাম হানলেতে হাড়কাঁপানো শীত। পাহাড়ি বাতাস উপেক্ষা করে মোটা জ্যাকেট, উলের টুপি ও গ্লাভস পরে আকাশের নিচে জড়ো হচ্ছেন পর্যটকেরা। কারও চোখ টেলিস্কোপে, কেউ অপেক্ষায় আছেন মিল্কিওয়ের ছবি তোলার।
এই আয়োজনের কেন্দ্রে রয়েছেন চার তরুণী—পালজেস আংমো, ত্সেরিং দোলকার, ত্সেরিং ইয়াংদোল ও পদ্মা চামচোট। তাঁরা হানলের অ্যাস্ট্রো-অ্যাম্বাসাডর। পর্যটকদের রাতের আকাশের নক্ষত্রপুঞ্জ, গ্রহ ও মহাজাগতিক নানা বস্তু চিনিয়ে দেওয়াই তাঁদের কাজ।
দিনের বেলায় পরিবারের হোমস্টেতে অতিথিদের দেখাশোনা, রান্না ও ঘর পরিষ্কারের কাজ করেন তাঁরা। কিন্তু রাত নামলেই হাতে তুলে নেন টেলিস্কোপ। লেজার পয়েন্টারের সাহায্যে আকাশে নক্ষত্রপুঞ্জ দেখিয়ে শুরু করেন পর্যটকদের নিয়ে রাতের অভিযাত্রা।
চার তরুণীর বয়সই বিশের কোঠায়। ছোটবেলা থেকেই তাঁরা হানলের তারাভরা আকাশ দেখে বড় হয়েছেন। তবে খালি চোখে দেখা সেই তারাদের টেলিস্কোপে পর্যবেক্ষণ করা ও অন্যদের চিনিয়ে দেওয়ার অভিজ্ঞতা এসেছে কয়েক বছর আগে।
২৮ বছর বয়সী ত্সেরিং দোলকার বলেন, “এখানকার আকাশ তো সব সময়ই এভাবে ঝলমল করে।”
একসময় স্থানীয়দের কাছে যা ছিল স্বাভাবিক দৃশ্য, আজ তা দেখতেই শত শত কিলোমিটার পাড়ি দিয়ে আসছেন পর্যটকেরা।
আকাশের অন্ধকারে নতুন সম্ভাবনা
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত হানলে। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ ও কৃত্রিম আলোর স্বল্পতা গ্রামটিকে জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণের জন্য বিশেষ উপযোগী করে তুলেছে। বছরে প্রায় ২৬০ রাত এখানে আকাশ পর্যবেক্ষণের অনুকূল পরিবেশ থাকে।
গ্রামটিতে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস পরিচালিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ২০২২ সালে ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় হানলে। কৃত্রিম আলোর দূষণ থেকে রাতের আকাশ রক্ষা এবং জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যটনকে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এরপর থেকেই বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। বিবিসির তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে বছরে প্রায় তিন হাজার পর্যটক এলেও ২০২৪-২৫ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ হাজারে।
প্রায় তিন হাজার মানুষের এই বৌদ্ধ অধ্যুষিত গ্রামটি দীর্ঘদিন ধরে মূলত পশুপালন ও স্থানীয় জীবিকার ওপর নির্ভরশীল ছিল। পর্যটন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয়দের জন্যও তৈরি হয় নতুন কর্মসংস্থানের সুযোগ।
১৫ দিনের প্রশিক্ষণে বদলে গেল জীবন
২০২২ সালে লাদাখ প্রশাসন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস যৌথভাবে হানলে ও আশপাশের গ্রামের ২৪ তরুণ-তরুণীকে জ্যোতির্বিজ্ঞানের ওপর প্রশিক্ষণ দেয়। তাঁদের মধ্যে ১৮ জনই নারী। পদ্মা চামচোট, দোলকার, ইয়াংদোল ও আংমো ছিলেন সেই দলের সদস্য।
১৫ দিনের প্রশিক্ষণে তাঁরা টেলিস্কোপ পরিচালনা, নক্ষত্র ও গ্রহ শনাক্ত করা, নক্ষত্রপুঞ্জ চেনা এবং রাতের আকাশ পর্যবেক্ষণের কৌশল শেখেন। পাশাপাশি সৌরবায়ু ও মুঠোফোনে মিল্কিওয়ের ছবি তোলার বিষয়েও প্রশিক্ষণ পান।
পদ্মা চামচোট বলেন, “প্রশিক্ষণে আমাদের টেলিস্কোপ চালানো, নক্ষত্র পর্যবেক্ষণ এবং সৌরবায়ু সম্পর্কে শেখানো হয়েছিল।”
তবে আকাশের সঙ্গে তাঁদের সখ্য পুরোনো। পদ্মার কথায়, “আমাদের এলাকায় রাতে আলো না থাকায় খুব অন্ধকার থাকে। ছোটবেলা থেকেই আমরা আকাশের তারা দেখে আসছি।”
শুরুতে টেলিস্কোপ পরিচালনায় ভয় পেলেও এখন আত্মবিশ্বাসের সঙ্গে পর্যটকদের গাইড করেন তাঁরা। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রত্যেককে একটি করে আট ইঞ্চি টেলিস্কোপ দেওয়া হয়েছিল।
রাত ১১টায় নিভে যায় গ্রামের আলো
রাত ৯টার দিকে শুরু হয় তাঁদের কাজ। টেলিস্কোপে পর্যটকদের চাঁদের গর্ত, শনির বলয় ও উজ্জ্বল নক্ষত্র ভেগা দেখান তাঁরা। লেজার পয়েন্টারের সাহায্যে চিনিয়ে দেন নক্ষত্রপুঞ্জ।
রাত ১১টার দিকে গ্রামের বাতিগুলো নিভিয়ে দেওয়া হলে চারপাশ আরও অন্ধকার হয়ে ওঠে। তখন স্পষ্ট হয়ে ওঠে মিল্কিওয়ে। পর্যটকদের মুঠোফোনের ক্যামেরা সেটিংস ঠিক করে দিয়ে ছবি তুলতেও সাহায্য করেন তরুণীরা।
পদ্মা বলেন, “মানুষ যখন টেলিস্কোপ দিয়ে দেখে এবং মিল্কিওয়ের সঙ্গে ছবি তুলতে পারে, তখন তাদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগে।”
পর্যটনের ভরা মৌসুমে প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ জন পর্যটককে আকাশ দেখান পদ্মা। অনেক সময় ছবি তোলার জন্য পর্যটকদের দীর্ঘ সারিও তৈরি হয়।
নক্ষত্র দেখিয়ে বাড়ছে আর্থিক স্বাধীনতা
হানলেতে বড় হোটেল বা রিসোর্টের সংখ্যা কম। তাই অধিকাংশ পর্যটক স্থানীয় পরিবারের পরিচালিত হোমস্টেতে থাকেন। তরুণীদের পরিবারও পরিচালনা করে এমন আবাসন। ফলে দিনের বেলায় অতিথিদের দেখাশোনার পাশাপাশি রাতের আকাশ দেখানোর কাজ সামলাতে হয় তাঁদের।
প্রতিটি সেশনের জন্য পর্যটকদের কাছ থেকে নেওয়া হয় ২০০ রুপি। বিবিসির তথ্যমতে, চার অ্যাস্ট্রো-অ্যাম্বাসাডরের প্রত্যেকের মাসিক আয় প্রায় ২৫ হাজার রুপি। অন্যদিকে, আরব নিউজকে ত্সেরিং দোলকার জানিয়েছেন, পর্যটনের ভরা মৌসুমে তাঁর আয় প্রায় ৪০০ ডলার পর্যন্ত হয়। শীতকালে পর্যটক কমে গেলে আয়ও কমে যায়।
এই উপার্জন তাঁদের আর্থিক স্বাধীনতা বাড়িয়েছে। পদ্মা বলেন, “আমরা এখন নিজেদের উপার্জনের টাকা জমাতে পারি। আবার নতুন ফোন কেনার মতো নিজেদের পছন্দের জিনিসেও খরচ করতে পারি।”
ত্সেরিং দোলকারের বাবা কাজ করেন না। ফলে পরিবারের আর্থিক দায়িত্ব পালনে তাঁর উপার্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দোলকার বলেন, “আমি ভালো আয় করি। এতে আমার ও পরিবারের উপকার হয়। আমার বাবা কাজ করেন না। আমার উপার্জনে পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারে।”
প্রশিক্ষণের পর মহাকাশ নিয়ে আরও পড়াশোনার আগ্রহ তৈরি হয়েছে তাঁর। দোলকারের ভাষায়, “নক্ষত্র সম্পর্কে জ্ঞান শুধু আমাকে বদলায়নি, জীবনের একটি অর্থও খুঁজে দিয়েছে।”
পর্যটনের ভিড়ে হুমকিতে রাতের অন্ধকার
হানলের রাতের আকাশ পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠলেও এর জনপ্রিয়তার সঙ্গে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যে অন্ধকার আকাশের টানে মানুষ এখানে আসছেন, অতিরিক্ত পর্যটনই একসময় সেই আকাশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাতের আকাশের ছবি ছড়িয়ে পড়া এবং বিশ্বের অন্যতম উঁচু মোটরযান চলাচলের পথ উমলিং লা যাওয়ার পথে গ্রামটির অবস্থানের কারণে পর্যটক বাড়ছে। এর সঙ্গে বাড়ছে যানবাহন, নির্মাণকাজ ও কৃত্রিম আলোর ব্যবহার, যা রাতের স্বাভাবিক অন্ধকার নষ্ট করতে পারে।
ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির জ্যেষ্ঠ প্রকৌশলী ও আউটরিচ প্রধান সোনাম জোরফেইল মনে করেন, পর্যটন কর্মসংস্থান সৃষ্টি করলেও রাতের আকাশ রক্ষায় এর প্রবৃদ্ধি নিয়ন্ত্রিত হওয়া জরুরি।
অ্যাস্ট্রো-অ্যাম্বাসাডরদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “তাঁরা বিজ্ঞানী সমাজের সঙ্গে সাধারণ মানুষ—স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের—মধ্যে সেতুবন্ধ তৈরি করছেন।”
এদিকে, দীর্ঘদিনের বাসিন্দা ধুনতুপ চামচোটের স্মৃতিতে হানলের আকাশ ছিল আরও অন্ধকার। সত্তরোর্ধ্ব এই ব্যক্তি পদ্মার বাবা।
তিনি বলেন, “আগে আবহাওয়া ভালো থাকলে মানুষ প্রায়ই খোলা আকাশের নিচে ঘুমাত।”
এখন সেই আকাশ পরিবারের সদস্যদেরও টেলিস্কোপে দেখান তরুণীরা। ত্সেরিং ইয়াংদোল বলেন, “আমরা প্রায়ই পরিবারের সদস্যদের টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ দেখাই। তাঁরাও এখন এসব দেখতে বেশ উপভোগ করেন।”
হানলে ছেড়ে যাওয়ার কথা ভাবছেন না এই চার তরুণী। বরং আরও উন্নত প্রশিক্ষণ, আধুনিক টেলিস্কোপ ও উন্নত সরঞ্জাম নিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে চান তাঁরা। তাঁদের আশা, হানলের রাতের আকাশের সৌন্দর্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
যে তারাভরা আকাশের নিচে তাঁদের বেড়ে ওঠা, আজ সেই আকাশের নক্ষত্র চিনিয়েই গড়ে তুলছেন নিজেদের ভবিষ্যৎ।
সূত্র: বিবিসি নিউজ।
