শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে পদত্যাগের প্রায় এক সপ্তাহ পর প্রধান নির্বাহী (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার হুয়াংকে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়।
এনভিডিয়া এক বিবৃতিতে জানায়, জেনসেন হুয়াংয়ের সততা ও নেতৃত্বদানের ক্ষমতায় সন্তুষ্ট হয়ে পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে।
একইসঙ্গে ফেডারেল সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে মতামত পাওয়ার পর, তার প্রত্যাবর্তনে কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলেও জানান তারা।
পুনর্বহালের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর হুয়াং এক বিবৃতিতে বলেন, ‘নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানির নেতৃত্বে ফিরতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
হুয়াংয়কে পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিদ্ধান্তটি সঠিক ও যথাযথ বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘হুয়াংয়ের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে এমনটা বিশ্বাস করার কোনো কারণ সরকারের কাছে ছিল না এবং তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণও তাদের কাছে নেই।‘
গত মাসে চীনা নারী গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের তথ্য সামনে আসলে প্রথম সমালোচনার মুখে পড়েন জেনসেন হুয়াং। ঘটনাটি খতিয়ে দেখতে আলাদাভাবে তদন্ত শুরু করে এনভিডিয়া ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।
ওই সময় হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ এআই চিপ ও তথ্য চীনের গুপ্তচরদের কাছে পাচার করছিলেন অ্যালিস হুয়াং, এমন অভিযোগ উঠে আসে। বিষয়টি গুরুতর জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করে।
এদিকে, তদন্ত চলার মধ্যেই এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলসহ আরও নারী সহকর্মীর সঙ্গেও পরকীয়া সম্পর্কের কথা বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গত ১২ নভেম্বর পদত্যাগ করেন হুয়াং।
যে কারণে পুনর্বহাল
হুয়াংয়ের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পান এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। তবে হুয়াংয়ের শূন্যপদে স্থায়ী উত্তরসূরী কে হবেন, তা নিয়ে সংকটে পড়ে প্রতিষ্ঠানটি।
১৯৯৩ সালে এনভিডিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করছিলেন হুয়াং। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তার ছিল শক্তিশালী নিয়ন্ত্রণ। অন্যদিকে কয়েক দশকেও হুয়াংয়ের সমপর্যায়ের কর্মী পেতে ব্যর্থ ছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, হুয়াংকে পদে ফিরিয়ে আনতে ছিল সরাসরি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপ। গত সপ্তাহে এনভিডিয়া হুয়াংকে ফিরিয়ে আনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিলেও, পুনর্বহালের আহ্বান জানান তিনি। সেইসঙ্গে প্রযুক্তিখাতে বিনিয়োগকারীরাও পুনর্বহালের জন্য এনভিডিয়ার ওপর চাপ প্রয়োগ করেন।
এ প্রসঙ্গে ইন্টারেক্টিভ ব্রোকার্সের প্রধান কৌশলবিদ স্টিভ সোসনিক বলেন, ‘নিঃসন্দেহেই এমন অনেক লোক ছিলেন যারা তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
‘প্রশাসন কতটা হস্তক্ষেপ করেছিল, বিনিয়োগকারীরা কতটা হস্তক্ষেপ করেছিল, তা জানা অসম্ভব হবে, কিন্তু এটি আমাদের কিছুটা হলেও বুঝিয়ে দেয় যে, জেনসেন হুয়াং এতটাই বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন যে তাকে বরখাস্ত করা সম্ভব ছিল না।‘’