২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের ‘অটোপসি রিপোর্ট’ প্রকাশ করল ডেমোক্র্যাটরা
- 0


প্রকাশিত: মে ২১ ২০২৬, ১৪:৪১
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করে বহু প্রতীক্ষিত ‘অটোপসি রিপোর্ট’ প্রকাশ করেছে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি। মাসের পর মাস গোপন রাখায় সমালোচনার মুখে বৃহস্পতিবার রিপোর্টটি প্রকাশ করা হয়।
ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে দীর্ঘদিন ধরেই এই রিপোর্ট প্রকাশের দাবি উঠছিল। নির্বাচনে পরাজয়ের পর কেন দলটি ভোটারদের আস্থা ধরে রাখতে ব্যর্থ হলো, কী ধরনের কৌশলগত ভুল ছিল এবং ভবিষ্যতের জন্য কী শিক্ষা নেওয়া প্রয়োজন—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি করা হয় এই বিশ্লেষণ।
প্রথমদিকে রিপোর্ট প্রকাশে অনীহা দেখান ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান কেন মার্টিন। তার আশঙ্কা ছিল, রিপোর্ট প্রকাশ করা হলে নির্বাচনী পরাজয় নিয়ে দলের অভ্যন্তরীণ দোষারোপ আবারও সামনে চলে আসবে এবং সেটি রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে।
গত বছর ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বক্তব্যে মার্টিন বলেছিলেন, “আমাদের মূল লক্ষ্য হলো জয়লাভ করা। যদি কোনো কিছু সেই লক্ষ্য পূরণে সহায়তা না করে, তাহলে সেটি কেবল বিভ্রান্তি তৈরি করবে।”
তবে সময়ের সঙ্গে সেই অবস্থানই নতুন বিতর্ক তৈরি করে। রিপোর্ট গোপন রাখার সিদ্ধান্তে ডেমোক্র্যাটিক শিবিরের ভেতরে অসন্তোষ বাড়তে থাকে। অনেকেই প্রশ্ন তোলেন, দল কেন নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে প্রকাশ্য আলোচনা এড়িয়ে যাচ্ছে।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার রিপোর্ট প্রকাশের সময় অনেকটা আত্মসমালোচনার সুরে বক্তব্য দেন কেন মার্টিন। তিনি স্বীকার করেন, রিপোর্ট প্রকাশ না করার সিদ্ধান্ত উল্টো আরও বড় বিতর্ক তৈরি করেছে।
মার্টিন বলেন, “গত নভেম্বরের বড় নির্বাচনী জয়ের পর আমি নতুন কোনো বিতর্ক তৈরি করতে চাইনি। কিন্তু রিপোর্ট প্রকাশ না করে শেষ পর্যন্ত আরও বড় বিভ্রান্তি তৈরি করেছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
সিএনএন প্রথম এই রিপোর্টের কপি হাতে পায়। প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক পার্টির কর্মকর্তারা অ্যামেরিকার ৫০টি স্টেইটে শত শত সাক্ষাৎকার নেওয়ার পর এই বিশ্লেষণ প্রস্তুত করেন।
যদিও পুরো রিপোর্ট প্রকাশ করা হয়নি, তবে দলীয় সূত্রগুলো বলছে—এতে নির্বাচনী বার্তা, ভোটার সংযোগ, অর্থনৈতিক ইস্যু এবং প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা কৌশল নিয়ে কঠোর সমালোচনা রয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ভোটার, তরুণ জনগোষ্ঠী এবং কিছু স্টেইটে সংখ্যালঘু ভোটারদের সমর্থন ধরে রাখতে ব্যর্থ হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
২০২৪ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছে হারের পর থেকেই ডেমোক্র্যাটদের মধ্যে আত্মসমালোচনা শুরু হয়। তবে এরপর স্থানীয় নির্বাচন ও কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটে ডেমোক্র্যাটদের সাফল্য দলটির নেতৃত্বকে কিছুটা স্বস্তি দেয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রিপোর্ট প্রকাশ শুধু অতীত বিশ্লেষণ নয়—বরং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশও। কারণ ট্রাম্পের উত্থানের পর অ্যামেরিকার রাজনৈতিক বাস্তবতায় ডেমোক্র্যাটদের নতুন কৌশল নির্ধারণ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
