চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে তার সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তিনি এই ধরনের রায়ের পরোয়া করেন না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন, নোবেল বিজয়ী মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করে দিতে চায়।
৭৮ বছর বয়সী এই নেত্রী বলেন, ‘এটা এত সহজ নয়, আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে এসেছে, ক্ষমতা দখলকারীর পকেট থেকে নয়।’
ভারতের ঘনিষ্ঠ মিত্র হাসিনা গত বছর তার সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর দিল্লিতে পালিয়ে যান। পালানোর ঠিক আগে তিনি পদত্যাগ করেন। তার পালানোর পর, ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে। মামলার শুনানিকারী আদালত হাসিনাকে ঢাকায় বিচারে যোগদানের নির্দেশ দেয়, কিন্তু তিনি সমন অমান্য করেন।
সমর্থকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে এই প্রবীণ নেত্রী বলেন, "আমি বেঁচে আছি, বেঁচে থাকব, আবারও মানুষের কল্যাণের জন্য কাজ করব এবং বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।"
তিনি বলেন, ‘তাদের রায় দিতে দাও। আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তা কেড়ে নেবেন, কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি আমার বাবা-মা, ভাইবোনদের হারিয়েছি এবং তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে।’
এই ধরনের আদালতের রায় তাকে থামাতে পারবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি জনগণের সাথে আছি। আমি আমার দলীয় কর্মীদের বলছি চিন্তা করো না, এটা সময়ের ব্যাপার, আমি জানি তোমরা কষ্ট পাচ্ছো, আমরা এটা ভুলবো না, সবকিছুর হিসাব নেওয়া হবে। এবং আমি বিশ্বাস করি আমি সব হিসাব ফিরিয়ে দিতে পারব, ইনশাআল্লাহ।’