বিশ্বের প্রথম এআই মন্ত্রী ‘দিয়েল্লা’, কী কাজ তার?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ২০:২১ হালনাগাদ: মার্চ ৯ ২০২৬, ১২:৪০

আলবেনিয়ার রাজধানী তিরানায় শুক্রবার মনিটরে এআই চ্যাটবট মন্ত্রীর প্রকাশিত চিত্র। ছবি: আল জাজিরা

আলবেনিয়ার রাজধানী তিরানায় শুক্রবার মনিটরে এআই চ্যাটবট মন্ত্রীর প্রকাশিত চিত্র। ছবি: আল জাজিরা

  • 0

মন্ত্রীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এদি রমা জানান, আনুষ্ঠানিকভাবে আলবেনিয়ার দুর্নীতি মন্ত্রী হিসেবে কাজ করবে দিয়েল্লা।

বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছে আলবেনিয়া।

দক্ষিণপূর্ব ইউরোপের দেশটির মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার এআই মন্ত্রীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী এদি রমা।

রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী এআই মন্ত্রীর নাম ঘোষণা করেন দিয়েল্লা। আলবেনীয় ভাষায় এ নামের অর্থ সূর্য।

মন্ত্রীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এদি রমা জানান, আনুষ্ঠানিকভাবে আলবেনিয়ার দুর্নীতি মন্ত্রী হিসেবে কাজ করবে দিয়েল্লা। এখন থেকে সরকারের সঙ্গে কোনো বেসরকারি কোম্পানির চুক্তিভিত্তিক কাজের নথিপত্র, হিসাবনিকাশ পর্যালোচনা ও নজরদারির দায়িত্বে থাকবে এই এআই চ্যাটবট।

চলতি বছর টানা চতুর্থবারের মতো আলবেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এদি রমা।

সরকার গঠন করেই তিনি জানান, দেশের দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ এ সরকারের প্রধান লক্ষ্য।

বলকান অঞ্চলের এ দেশ দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার চেষ্টা করলেও দুর্নীতির অভিযোগে বারবার সে প্রচেষ্টা ব্যর্থ হয়।

এদি রমার নেতৃত্বাধীন সরকার ২০৩০ সালের মধ্যে ইইউর সদস্যপদ পাওয়ার লক্ষ্য ঠিক করেছে।

নতুন এ চ্যাটবট মন্ত্রীর সংযোজন এ লক্ষ্যবস্তুর অংশ বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

এআই মন্ত্রীর ওপর নেতিবাচক নিয়ন্ত্রণের ঝুঁকি এড়াতে মানব তদারকির ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আলবেনিয়া সরকার।