ফ্রান্সের এভিয়ান লে বেঁ শহরে শিল্পোন্নত দেশগুলোর জি-৭ সম্মেলনে যোগ দিতে সেখানে অবস্থান করছেন অ্যামেরিকা, ব্রিটেন, কানাডা, জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।
সম্মেলনের তৃতীয় দিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরানে শান্তি চুক্তি, বিশ্ব বাণিজ্য নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেসব পাশ কাটিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল।
জি-৭ এর সদস্য দেশ হিসেবে শুরু থেকেই সম্মেলনে উপস্থিত ছিলেন মেলোনি। অন্যদিকে আমন্ত্রিত অতিথি হয়ে গতকাল (মঙ্গলবার) সেখানে অংশ নেন মোদি। এর মধ্যে সম্মেলনের শেষদিন তথা আজ বুধবার মোদির সঙ্গে মেলোনির কথোপকথনের একটি ভিডিও সবার নজর কেড়েছে।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, উপস্থিত বিশ্বনেতারা যখন গ্রুপ ছবি তোলার প্রস্তুতি নিচ্ছেন, তখন সবাইকে পাশ কাটিয়ে মোদির দিকে এগিয়ে আসেন মেলোনি। একে অপরের সঙ্গে হাসিমুখে হাত মেলানোর সময় মোদিকে মেলোনির উদ্দেশ্যে কিছু বলতে শোনা যায়, যা অডিওতে অনেকটাই অস্পষ্ট।
তবে মোদির কথার প্রেক্ষিতে মেলোনি স্পষ্ট উত্তর দেন, ‘হ্যা, আমরাই এখন ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি।‘
কয়েক বছর পুরনো মেলোডি জুটি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মেলোনির এমন মন্তব্য এলো, মোদির ইতালি সফরের একমাস পর। ওই সফরে মেলোনির সঙ্গে মোদিকে ইতালির বিভিন্ন জায়গা ভ্রমণ করতে দেখা যায়। মিষ্টি মুহূর্তের সেসব ছবি দুই নেতাই স্বতঃস্ফূর্তভাবে সামাজিকমাধ্যমে শেয়ার দেন। পাশাপাশি মেলোনিকে ভারতীয় কোম্পানি পার্লের ‘মেলোডি টফি’ উপহারও দিয়েছিলেন মোদি।
এক মাসের আগের সফরের সেসব ছবি ও টফি দেওয়ার ভিডিও এখনও নেটিজেনদের চর্চায়। মোদি ও মেলোনিকে ‘মেলোডি’ জুটি উল্লেখ করে ভিডিও ও ছবিগুলো দিয়ে বানানো হয়েছে নানা ধরনের মিম।
তবে দুই দেশের নেতার মেলোডি নামের ইতিহাস আরও পুরনো। ২০২৩ সালে ভারত ও ইতালির একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই, ক্যামেরায় বন্দী হওয়া তাদের বিভিন্ন মুহূর্ত দেখে নেটিজেনরা দুই নেতার একত্রে নাম দেন মেলোডি। জি-৭ সম্মেলনে মেলোনির হাস্যোজ্জ্বল মন্তব্যে যেন নেটিজেনদের কাছে এ নাম আরও বাস্তব হয়ে উঠেছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে ইতালির পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে গড়ে উঠেছে দুই নেতার এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইতালি বর্তমানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিকঅংশীদার এবং উভয় দেশই ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের জন্য কাজ করছে।