থালাপতি বিজয়ের সমাবেশে এসে লাশ হলেন ৩৮ জন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৫, ২১:৫৫

থালাপতি বিজয়ের সমাবেশে আগত লোকজনের একাংশ। ছবি:  পিটিআই

থালাপতি বিজয়ের সমাবেশে আগত লোকজনের একাংশ। ছবি: পিটিআই

  • 0

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগীদের মধ্যে কমপক্ষে ছয়জনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় তারকা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের প্রচার সমাবেশ রূপ নিয়েছে ট্র্যাজেডিতে।

রাজনৈতিক এ কর্মসূচিতে এসে পদদলিত হয়ে ১৬ নারী ও আট শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পদদলিত হয়ে আহত দেড় শতাধিক মানুষকে কারুর ও ত্রিচির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগীদের মধ্যে কমপক্ষে ছয়জনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।

কর্মকর্তারা জানান, যে ভ্যানে দাঁড়িয়ে বিজয় বক্তব্য দিচ্ছিলেন, তার পেছনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পরপরই গোলযোগ শুরু হয়। তার সমর্থকদের অনেকে গাছে উঠে বক্তব্য শুনছিলেন। হঠাৎ গাছের শাখা ভেঙে পড়ে মানুষে কানায় কানায় পূর্ণ এলাকায়।

এ দুর্ঘটনা থেকে ছড়িয়ে পড়া আতঙ্কে অনেকে দিগ্বিদিক ছোটাছুটি করলে পায়ের তলায় চাপা পড়ে নারী, পুরুষ ও শিশুদের প্রাণহানি হয়।

দুর্ঘটনার ভয়াবহতা টের না পাওয়া বিজয় তখনও বক্তব্য দিচ্ছিলেন। এর মধ্যেই অ্যাম্বুলেন্স আসে ঘটনাস্থলে।

এর পরপরই ঘটনাস্থল ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়ে রাত ১১টার দিকে পৌঁছান বিজয়।

পুলিশের সূত্রগুলো জানায়, যাত্রাপথে ত্রিচিতে থামার সময় তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়। তিনি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা না বললেও স্থানীয় পুলিশ ও তার দল টিভিকের কর্মীদের সঙ্গে আলাপ করেছেন।