হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে আজ সোমবার মামলা দায়ের করতে যাচ্ছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক নিষিদ্ধ হওয়া তিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাউ, পলিটিকো।
সংবাদমাধ্যমগুলোর কর্তৃপক্ষ সকালে এক যৌথ বিবৃতিতে জানায়, আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে এবং সংবাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের ওপর সরকারের সিদ্ধান্ত না চাপানোর নীতিকে সমর্থন করতে আমরা আজ মামলা করছি।
বিবৃতিতে আরও জানানো হয়, কোনো পূর্ব ঘোষণা কিংবা প্রক্রিয়া ছাড়াই হোয়াইট হাউস আমাদের প্রতিবেদনের বিরোধিতা করে আমাদের সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ না হলে, সংবাদমাধ্যম ও নাগরিকদের স্বাধীন সাংবাদিকতা চর্চা হুমকির মুখে পড়বে।
দেশটির সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় ফার্স্ট অ্যামেন্ডমেন্টের আলোকে মামলা দায়ের করবে তারা। সংবিধানের প্রথম সংশোধনীর ৫টি বিষয়ের একটি হলো সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
এর আগে শুক্রবার ট্রাম্প সামাজিক মাধ্যমের এক পোস্টে অভিযোগ করেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া তিন সংবাদমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম অ্যামেরিকা, ট্রাম্প প্রশাসন ও প্রেসিডেন্টকে নিয়ে কল্পকাহিনী ও মিথ্যা তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করছে।
পরে ওভাল অফিসে আয়োজিত এক বৈঠক শেষে ট্রাম্প জানান, আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ হতে পারে।