কানেকটিকাটে গত দুই মাসে বহুল ব্যবহৃত অ্যালার্জির ওষুধ ডাইফেনহাইড্রামিন এর অতিরিক্ত সেবনের কারণে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, শিশুদের মৃত্যুর কারণ ও তথ্য নিশ্চিত করেছে স্টেইট কর্তৃপক্ষ।
কানেকটিকাটের অফিস অব দ্য চাইল্ড অ্যাডভোকেট-ওসিএ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক এই মৃত্যুর ঘটনাগুলোর পর তারা জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।
ডাইফেনহাইড্রামিন একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ, যা বেনাড্রিলসহ বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারজাত করা হয়। এটি সাধারণত অ্যালার্জি, সর্দি-কাশি এবং চুলকানির উপসর্গ উপশমে ব্যবহৃত হয়।
ওসিএ জানিয়েছে, চিকিৎসা সেবাদানকারীদের কাছে তারা একটি সতর্কবার্তা পাঠিয়েছে, যেখানে ওষুধটির ঝুঁকি এবং শিশুদের নাগালের বাইরে নিরাপদে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
কর্তৃপক্ষের এই সতর্কতা এমন সময়ে এলো, যখন অ্যামেরিকার বিভিন্ন স্টেইটে স্বাস্থ্য কর্মকর্তারা তথাকথিত "বেনাড্রিল চ্যালেঞ্জ" নামে পরিচিত একটি সামাজিকমাধ্যমভিত্তিক প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা অতিরিক্ত মাত্রায় ডাইফেনহাইড্রামিন সেবন করে তার প্রভাব ভিডিও আকারে প্রকাশ করে।
তবে সাম্প্রতিক তিনটি মৃত্যুর ঘটনা ওই চ্যালেঞ্জের সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি ওসিএ।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, প্রেসক্রিপশনযুক্ত বা প্রেসক্রিপশনবিহীন—যেকোনো ওষুধই শিশুদের জন্য সম্ভাব্যভাবে বিপজ্জনক হতে পারে। তাই সব ধরনের ওষুধ নিরাপদ স্থানে সংরক্ষণ করা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, ডাইফেনহাইড্রামিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া এবং পেশি দুর্বলতা হতে পারে। অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুও ঘটতে পারে।
এ কারণে শিশুদের নাগালের বাইরে ওষুধ সংরক্ষণ এবং এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।