আফগানিস্তানের আরগুন জেলায় পাকিস্তানের হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) খেলোয়াড়দের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
হামলার জেরে আসন্ন মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে সিরিজটি আয়োজনের ঘোষণা দেয়। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানেরও অংশ নেওয়ার কথা ছিল।
নিজেদের এক্সে শুক্রবার দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’
বিবৃতিতে এসিবি দাবি করে, হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন, ‘হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন। দুপুরে তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তারা।’
ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বোর্ড জানিয়েছে, 'এটি আফগানিস্তানের ক্রীড়া সমাজ, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারের জন্য এক গভীর ক্ষতি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।'
আন্তর্জাতিক তারকা মোহাম্মদ নবী বলেন, 'এ ঘটনা কেবল পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক গভীর শোকের দিন।'