হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস। বুধবার (১৮ নভেম্বর) দলীয় কংগ্রেস সদস্যদের ভোটে স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আমেরিকার রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে কংগ্রেসে নিম্নকক্ষের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছেন জেফ্রিস।
এর আগে, ২০২৩ সাল থেকে কংগ্রেসে হাউস মাইনরিটি লিডার তথা হাউস ডেমোক্র্যাটদের নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেফ্রিস। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সেনেট-কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বর্তমান স্পিকার রিপাবলিকান নেতা মাইক জনসনের স্থলাভিষিক্ত হওয়ার পথে রয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের রুদ্ধদ্বার বৈঠকে স্পিকার পদে জেফ্রিসের মনোনয়ন নিয়ে ভোটাভুটি হয়। এতে ২৬২টি ব্যালটের মধ্যে ২৫১টি ভোট পান তিনি। বিপক্ষে ভোট পড়ে ১১টি।
তবে দলীয় মনোনয়ন পেলেই কংগ্রেসে স্পিকার হওয়া নিশ্চিত নয়। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পূর্ণাঙ্গ ভোটে কমপক্ষে ২১৮টি ভোট পেতে হবে তাকে। ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।