ভারত বাংলাদেশে চালু হতে যাচ্ছে উভয় দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম।
ইতোমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই মাস বন্ধ রাখার পর শুক্রবার সকালে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা চালু হয়েছে।
এদিকে তার আগের দিন বাংলাদেশিদের জন্য দ্রুত সব ধরনের ভিসা কার্যক্রম ঘোষণা দিয়েছে ভারত।
সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে অনিরুদ্ধ বলেন, ‘সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।‘
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় দুই দেশের নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত ও বাংলাদেশ।
গত ডিসেম্বরে এটি ছিল ভারতের তরফ থেকে দ্বিতীয়বারের মতো ভিসা কার্যক্রম স্থগিত করা।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় ভারত।
পরবর্তিতে সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে স্বল্প পরিসরে ভিসা প্রদান করলেও স্থগিত ছিল পর্যটন ভিসা।
সম্প্রতি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সরকার গঠনের পরপর দুই দেশের ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা এল।