ইরান ও অ্যামেরিকার মধ্যে শান্তি আলোচনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ও লকডাউন জারি করেছে পাকিস্তান।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরান অ্যামেরিকার দুই সপ্তাহের যুদ্ধ বিরতির মধ্যে শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ শান্তি আলোচনা। ইতোমধ্যে আলোচনায় অংশ নিতে সেখানে পৌঁছেছেন ইরান ও অ্যামেরিকার কূটনীতিকরা।
এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ জুড়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
সেইসঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে সড়ক ফাঁকা করা হয়েছে।
উচ্চ নিরাপত্তা ঝুঁকির ফলে বৈঠকের জন্য তিন থেকে চারটি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে আলোচিত স্থান হলো ইসলামাবাদের পাঁচতারকা সেরেনা হোটেল।
সংশ্লিষ্ট পাকিস্তানি কর্মকর্তারা জানান, আলোচনায় দুই দেশের প্রতিনিধিদল এ হোটেলেই অবস্থান করবেন। যার ফলে, হোটেলটির আশেপাশের ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত ফাঁকা করা হয়েছে এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন রয়েছে।
তবে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে আলোচনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশে অসম্মতি জানান কর্মকর্তারা।
তারা বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো আলোচনা নির্বিঘ্নে সম্পন্ন করা। আমরা শুধু মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছি।‘
আলোচনাটিতে অ্যামেরিকাত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতার পর ইসলামাবাদে বৈঠক আয়োজনের দায়িত্বকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান।