ক্রেডিট কার্ডের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত করতে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ বিষয়ে আসন্ন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের সঙ্গে কাজ করবেন তিনি।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি এটা করব। ক্রেডিট কার্ড কোম্পানিগুলো অনেক মুনাফা করেছে।’
২০২৪ সালের নির্বাচনী প্রচারে ক্রেডিট কার্ডের সুদের হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর বিরোধিতা এবং নিজ দল রিপাবলিকানদের অনাগ্রহের কারণে এত দিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
গত জানুয়ারি মাসেও জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে সীমিত করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর দাবি ছিল, সুদের হার বেঁধে দেওয়া হলে কম আয়ের ও কম ঋণযোগ্য গ্রাহকদের ক্রেডিট কার্ড সুবিধা বাতিল করতে হতে পারে। একই সঙ্গে গ্রাহকদের কেনাকাটার বিপরীতে দেওয়া বিভিন্ন পুরস্কার ও সুবিধাও কমিয়ে দিতে হতে পারে।
তবে ক্রেডিট কার্ডের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলেরই কয়েকজন নেতা সমর্থন বড় রকমের সমর্থন আছে। বর্তমানে দেশে ক্রেডিট কার্ডের সুদের মধ্যম হার প্রায় ২২ দশমিক ২ শতাংশ। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গত আগস্টের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
এরই মধ্যে কংগ্রেসের ক্ষমতার রদবদল হওয়ায় এবার নতুন করে আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প। অন্যদিকে, সেনেটের ব্যাংকিং কমিটির পরবর্তী চেয়ারম্যান হতে পারেন ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনিও দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ডের সুদের হার সীমিত করার পক্ষে কথা বলে আসছেন।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়ারেন বলেন, ‘চলুন, ক্রেডিট কার্ডের সুদের হার সীমিত করি এবং মার্কিন নাগরিকদের অর্থ সাশ্রয়ে সহায়তা করি।’
গবেষকদের মতে, ক্রেডিট কার্ডের সুদের হার ১০ শতাংশে নামানো হলে আমেরিকানরা বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার সুদ বাবদ সাশ্রয় করতে পারবেন। এতে ক্রেডিট কার্ড খাত বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়লেও প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় থাকতে পারবে। তবে গ্রাহকদের জন্য দেওয়া বিভিন্ন পুরস্কার ও অতিরিক্ত সুবিধা কমে যেতে পারে।