রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে অ্যামেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে যুদ্ধবন্দী বিনিময়সহ উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা চালু করার সিদ্ধান্তে সম্মত হয়েছে মস্কো-কিয়েভ।
এবিসি নিউজ জানায়, দুই দফা বৈঠকের দ্বিতীয় দিনে তথা বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত নেয় দুই দেশের প্রতিনিধি দল।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য।
উইটকফ তার পোস্টে জানান, সিদ্ধান্ত অনুযায়ী এখন ৩১৪জন বন্দী বিনিময় করা হবে এবং এটি হবে গত পাঁচ মাসের ভিতর প্রথম বন্দী বিনিময়।
উইটকফ লিখেন, ‘এই ফলাফল শান্তি আলোচনা থেকে থেকে এসেছে, যা বিশদ ও ফলপ্রসূ।
‘যদিও গুরুত্বপূর্ণ অনেক কাজ বাকি আছে কিন্তু এ ধরনের পদক্ষেপ প্রমাণ করে যে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ বাস্তব ফলাফল দিচ্ছে এবং যুদ্ধ বন্ধের পথ এগিয়ে নিচ্ছে।‘
এর আগে বুধবার কিয়েভের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম দফার বৈঠকের কথা উল্লেখ করে বন্দী বিনিময় করার প্রত্যাশা জানান।
পরবর্তিতে ইউনাইটেড স্টেইটস ইউরোপিয়ান কমান্ড- ইউএসইউসি এক বিবৃতিতে জানায়, শান্তি আলোচনা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত, অ্যামেরিকা ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দেশের মধ্যে সামরিক আলোচনা পুনর্বহাল করতে সম্মত হয়েছে, যা ২০২১ সাল থেকে স্থগিত ছিল।
ইউএসইউসি আরও জানায়,‘সামরিক বাহিনীদের মধ্যে আলোচনা বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অন্যতম উপায়, যা শক্তির মাধ্যমে অর্জিত হয় এবং স্বচ্ছতা প্রদান ও উত্তেজনা হ্রাস করে।‘
আলোচনা অনুযায়ী, বৈঠক শেষ হওয়ার পরপর বন্দী বিনিময়ে কার্যক্রম শুরু হবে। জেলেনস্কি প্রশাসন জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টায় বৈঠকটি সম্পন্ন হয়েছে।