Skip to main content

রানওয়েতে ট্রাক-বিমান সংঘর্ষ: তদন্তের পর একাধিক কারণ প্রকাশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫ ২০২৬, ১২:৩২

রোববার গভীর রাতে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ছবি: রয়টার্স

রোববার গভীর রাতে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ছবি: রয়টার্স

  • 0

ট্রাকটির অবস্থান নির্ণয়কারী কোনো ট্রান্সপন্ডার ছিল না বলেও জানান জেনিফার। কম নির্ভুল রাডারের ওপর নির্ভর করে কাজ চালাচ্ছিলেন দায়িত্বরত কর্মীরা।

নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে ফায়ার ট্রাক-বিমান সংঘর্ষের ঘটনায় তদন্ত চলাকালীন একাধিক তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড-এনটিএসবি।

সিবিএস নিউজ জানায়,রোববার গভীর রাতে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমান অবতরণের সময় রানওয়েতে থাকা একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

ওই ঘটনায় বিমানটি পরিচালনাকারী ২জন পাইলট নিহত হন। আহত হন অন্তত কয়েক ডজন যাত্রী ও কর্মী।

এনটিএসবির চেয়ারপারসন জেনিফার হোমেনডি জানান, ফ্লাইট অবতরণের সময় রানওয়েতে অন্য কোনো যানবাহন থাকার নিয়ম নেই কিন্তু ফায়ার ট্রাক ও বিমানটি একই সময়ে রানওয়ে ৪ অতিক্রম করছিল।

দুর্ঘটনার কয়েক মিনিট আগে ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে ট্রাকটি থামার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দুটি যান কাছাকাছি থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

ট্রাকটির অবস্থান নির্ণয়কারী কোনো ট্রান্সপন্ডার ছিল না বলেও জানান জেনিফার। কম নির্ভুল রাডারের ওপর নির্ভর করে কাজ চালাচ্ছিলেন দায়িত্বরত কর্মীরা। যার ফলে পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতেও বেগ পেতে হচ্ছিল কর্মীদের।

জেনিফার আরও জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত সতর্ককারী এলার্ম সারফেস ডিটেকশন সিস্টেমটিও সংঘর্ষের আগে কাজ করতে ব্যর্থ হয়। কারণ, দুর্ঘটনাস্থলের আশেপাশে একাধিক যানবাহন ছিল। যার ফলে এলার্ম সিস্টেমটি আসল সংঘর্ষের এলাকা নির্ণয়ে ব্যর্থ হয়।

এদিকে, দুর্ঘটনার পর রাতের বেলা বিমানবন্দরে দায়িত্বরত কর্মী সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্ত কর্মকর্তারা।

এনটিএসবি জানায়, ঘটনার দিন রাতের শিফটে মাত্র দুজন কন্ট্রোলার একাধিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার পেছনে কর্মীর অভাব দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি এখনও তদন্তাধীন। সংঘর্ষের আগে নিহত ভুক্তভোগী পাইলটরা ট্রাকটি দেখতে পেয়েছিলেন কিনা, ফায়ার ফাইটাররা থামার নির্দেশ শুনেছিলেন কিনা ও দুর্ঘটনাস্থলের আশেপাশে কতগুলো যানবাহন ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।