নিউ ইয়র্ক সিটিতে রোববার তুষারঝড় শুরুর আগে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সিটি মেয়র জোরান মামদানি।
পাশাপাশি এ অবস্থাকে ব্লিজার্ড তথা প্রবল তুষারঝড় ঘোষণা করে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
গত মাসের তুষারঝড়ের পর এবার আরও ব্যাপকভাবে এ দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছেন সিটির বাসিন্দারা।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি অবস্থা চলাকালীন রোববার রাত ৯টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ভ্রমণ চলাচল বন্ধ থাকবে।
এ প্রসঙ্গে মামদানি বলেন, ‘জরুরি অবস্থা চলাকালীন সিটির সড়ক, হাইওয়ে ও ব্রিজগুলোতে ট্রাক, গাড়ি, স্কুটারসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
‘তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার জন্য নির্দিষ্ট কিছু যান চলাচল অব্যাহত থাকবে’, যোগ করেন মামদানি।
মামদানি আরও জানান, রোববার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে স্ট্যাটেন আইল্যান্ড ও নিউ ইয়র্ক সিটির ফেরি চলাচল, যা পুনরায় চালু হবে সোমবার সকালে।
একই সঙ্গে প্রবল তুষারঝড়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় সিটিতে কোড ব্লু জারি করে পদক্ষেপ নিয়েছে সিটি মেয়র কার্যালয়।
মামদানির কার্যালয়ের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, তুষারঝড় চলাকালীন সিটির বিভিন্ন এলাকা জুড়ে ২২টি উষ্ণায়ন বাস মোতায়ন করা হবে।
বাসিন্দা ও গৃহহীনদের আশ্রয়, উষ্ণ সেন্টারসহ সেবাসংক্রান্ত তথ্য দিতে খোলা থাকবে জরুরি নম্বর ৩১১।
মামদানি বলেন, ‘কোড ব্লু কার্যকর হওয়ায় সিটির ৫টি বোরো জুড়ে ২৪ ঘণ্টা গৃহহীনদের সেবা প্রদান করছেন কর্মীরা। ইতোমধ্যে গত রাতে ৮৬জন গৃহহীনদের নিরাপদ স্থানে স্থানান্তর করেছেন কর্মীরা। আশ্রয়হীনদের দুর্যোগে সাহায্য সংক্রান্ত ৩১১ নম্বরে কলগুলো সরাসরি পাঠানো হচ্ছে ৯১১ নম্বরে।‘
এছাড়াও সোমবার সকাল থেকে তুষারঝড় এড়াতে বন্ধ থাকবে সিটির সব পাবলিক স্কুল।