ইরানকে সহায়তা করার অভিযোগে বাহারাইনে ৫ জন শিয়া আলেমসহ ২০জন ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।
গ্রেপ্তার হওয়া আলেমরা হলেন সৈয়দ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক ও শেখ মাহমুদ তাহেরি।
এছাড়া অন্য আটককৃত ব্যক্তিদের মধ্যে আছেন শিয়া মতাদর্শের বিশেষ ব্যক্তিত্ব মাতমকার, কোরান তিলাওয়াতকারীসহ ধর্ম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, বুধবার কোনো কারণ না দেখিয়েই আলেমদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ উঠেছে, আটককৃতদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ইরান-অ্যামেরিকা যুদ্ধ শুরুর পর বাহারাইনে শিয়া মতাদর্শের আলেম গ্রেপ্তারের ঘটনা নতুন নয়। এর আগে যুদ্ধ চলাকালীন একধিকবার গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। যার ফলে মোট আটক হওয়া আলেমের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮জন।
অন্যদিকে দেশটির ক্ষমতাসীন আল খলিফা সরকার শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের উদ্দেশে ইরান ও ইরাক যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞাটি এমন সময় এসেছে, যখন ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (আঃ) ও তার সঙ্গীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহররমের শোকানুষ্ঠানে শিয়া বাহারাইনিদের ইরাক যাওয়ার কথা।