চলমান ইরান-অ্যামেরিকা যুদ্ধে নিজেদের ভিতর জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তি করেছে জাপান ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে আজ (সোমবার) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠক পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নিশ্চিত করেছেন এ তথ্য।
বৈঠক শেষে তাকাইচি জানান, আলবানিজের সঙ্গে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, পারমাণবিক ইস্যু ও নর্থ কোরিয়া কর্তৃক জাপানিজদের অপহরণ প্রসঙ্গে কৌশলগত আলোচনা হয়েছে।
পরে তাকাইচি বলেন, ‘চলমান যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়েছে।
‘এ অবস্থায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে জাপান ও অস্ট্রেলিয়া।’
অন্যদিকে আলবানিজ বলেন, ‘এ দ্বিপাক্ষিক চুক্তি অস্ট্রেলিয়া ও জাপানের নাগরিকদের জন্য উপকারী হবে।’
তিনি আরও বলেন, ‘এ চুক্তির ফলে চলমান মধ্যপ্রাচ্য সংকটে সৃষ্ট বৈশ্বিক ধাক্কায় আমরা কম ক্ষতিগ্রস্ত হব।’
জাপানে প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ করে অস্ট্রেলিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ায় শীর্ষ ৫ পেট্রোল ও ডিজেল সরবরাহকারী দেশের একটি হলো জাপান।