ভারতে বোতলজাত পানির জনপ্রিয় ব্র্যান্ড বিসলেরির পানির দ্বিতীয় একটি নমুনায় ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসএআইআই) একটি নথিতে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (২৮ নভেম্বর), রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ আগস্ট বিসলেরিকে পাঠানো এক নোটিশে সংশ্লিষ্ট ব্যাচের পানি বিক্রি বন্ধের নির্দেশ দেয় (এফএসএসএআইআই) জুলাইয়ে উৎপাদিত ওই ব্যাচের পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। পরবর্তী পরীক্ষাতেও নমুনাটিকে অনিরাপদ হিসেবে শনাক্ত করা হয় বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
বিসলেরি জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী তারা আগস্টেই সংশ্লিষ্ট ব্যাচের পণ্য বাজার থেকে প্রত্যাহার করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক ও রেফারেল—দুই পরীক্ষাগারেই নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।
তবে বিসলেরি একই ব্যাচের নমুনা স্বাধীনভাবে পরীক্ষা করিয়ে ভিন্ন ফল পেয়েছে বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের পরীক্ষায় পানিতে কলিফর্মসহ অন্যান্য খাদ্যনিরাপত্তা মানদণ্ডের কোনো লঙ্ঘন পাওয়া যায়নি। সরকারি ও স্বাধীন পরীক্ষার ফলাফলের পার্থক্য পর্যালোচনা করা প্রয়োজন বলেও জানিয়েছে তারা।
এর আগে বিসলেরির পানির আরেকটি নমুনায় রাসায়নিক উপাদান শনাক্তের পর সেটিকেও অনিরাপদ ঘোষণা করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে বিসলেরির ঘটনায় উদ্বেগের পর ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা বোতলজাত পানির পুরো বাজারে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আওতায় পেপসিকো, টাটা কনজিউমার, কোকা-কোলা ও রিলায়েন্স কনজিউমারের পণ্যও পরীক্ষার আওতায় আসবে।