ইয়েমেনের রাজধানী সানায় একাধিক ড্রোন হামলায় এক দম্পতি নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার হুথি গণমাধ্যমের বরাতে জানা গেছে, সানার তাহরির এলাকায় একটি গ্যাস স্টেশন, আবাসিক বাড়ি এবং শহরের উপকণ্ঠে আলাদা একটি গ্যাস স্টেশনে পরপর এই হামলা চালানো হয়।
হুথিরা বেসামরিক স্থাপনায় এসব হামলাকে সৌদি নেতৃত্বাধীন জোটের অনৈতিক বিমান হামলা বলে দাবি করলেও জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এছাড়াও শুক্রবার দিবাগত রাতভর ইয়েমেনের ছয়টিরও বেশি গভর্নরেটে একাধিক বিমান হামলা চালানো হয়েছে জানায় হুথি গণমাধ্যম। এর মধ্যে লোহিত সাগরের উপকূলবর্তী বন্দরনগরী মোখায় একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে হুথিরা।
অন্যদিকে, ইয়েমেনের তাইযে হুথিদের হামলায় এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সরকারি বাহিনীর দাবি, শহরটিকে কয়েক মাস ধরে অবরুদ্ধ রেখে বেসামরিক অবস্থানে হামলা বাড়িয়েছে হুথি মিলিশিয়ারা।
ইয়েমেনের ভেতরে সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পাশাপাশি শনিবার সৌদি আরবের জিযান, আভা ও খামিস মুসাইতসহ বিভিন্ন এলাকায় হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে রিয়াদ।