জুতায় বিষধর সাপ, মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৫, ২৩:৪৫

বাসার সামনের দরজায় ক্রকস ব্র্যান্ডের জুতাটি রেখেছিলেন মঞ্জু প্রকাশ। তার একটিতে ছিল সাপ। কোলাজ: এনডিটিভি

বাসার সামনের দরজায় ক্রকস ব্র্যান্ডের জুতাটি রেখেছিলেন মঞ্জু প্রকাশ। তার একটিতে ছিল সাপ। কোলাজ: এনডিটিভি

  • 0

পরিবার ও পুলিশের বিবরণ অনুযায়ী, ইতোপূর্বে দুর্ঘটনার শিকার হয়েছিলেন মঞ্জু, যার ফলে পায়ে সংবেদন হারিয়ে ফেলেন তিনি। এ কারণে সাপের ছোবল বুঝতে পারেননি এ প্রকৌশলী।

জুতা জোড়ার একটিতে ঢুকে বসে ছিল বিষধর এক সাপ। খেয়াল না করে সে জুতা পরেন মঞ্জু প্রকাশ। ভেতরে থাকা সাপের ছোবলে প্রাণ হারান ৪১ বছর বয়সী এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

ভারতের বেঙ্গালুরুতে শনিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মঞ্জু কাজ করতেন টাটা কনসালট্যান্সি সার্ভিসেস-টিসিএসে। তিনি থাকতেন বেঙ্গালুরুর রঙ্গনাথা লেআউটে।

পুলিশ প্রতিবেদন ও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, বাসার সামনের দরজায় ক্রকস ব্র্যান্ডের জুতাটি রেখেছিলেন মঞ্জু প্রকাশ। বাসা থেকে বের হয়ে নিকটস্থ একটি দোকানে জুস কিনতে যান তিনি, কিন্তু জুতার ভেতর সাপ থাকার বিষয়টি বুঝতে পারেননি তিনি।

পরিবার ও পুলিশের বিবরণ অনুযায়ী, ইতোপূর্বে দুর্ঘটনার শিকার হয়েছিলেন মঞ্জু, যার ফলে পায়ে সংবেদন হারিয়ে ফেলেন তিনি। এ কারণে সাপের ছোবল বুঝতে পারেননি এ প্রকৌশলী। ঘটনা সম্বন্ধে ওয়াকিবহাল না থেকেই জুতা রেখে কক্ষে গিয়ে বিশ্রাম করতে যান তিনি।

ওই পরিবারের এক কর্মী পরবর্তী সময়ে দেখেন, জুতার ভেতরে রয়েছে একটি সাপ। তিনি তার বাবাকে বিষয়টি জানান। বাবা এসে সতর্কতার সঙ্গে সাপটিকে জুতা থেকে বের করে। ততক্ষণে এটির মৃত্যু হয়।

মঞ্জুর পরিবারের এক সদস্য জানান, জুতার ভেতর চাপা খেয়ে সম্ভবত শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে সাপটির।

ঘটনা জানতে পেরে প্রকৌশলীর মা দেখেন, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন তার ছেলে। তার মুখে ফোম; পায়ে রক্ত।

পরিবারটি তাৎক্ষণিকভাবে মঞ্জুকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রকৌশলীকে মৃত বলে জানান।