বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি। তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে বিভিন্ন বক্তব্যকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আইনের বাইরে ফেরার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে পার্থ বলেন, এখন পর্যন্ত তার পক্ষ থেকে দেশে ফেরার বিষয়ে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিভিন্ন সময় বিমানে কিংবা সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলা হলেও এসব বক্তব্য এখন পর্যন্ত মৌখিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।
তিনি বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে। তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে—সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।
সীমান্ত এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতার যাতায়াত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নিজেদের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখতেই তারা এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে তার ধারণা। আগে তাদের নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত পরিষ্কার করা প্রয়োজন।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটি বিভিন্ন ইস্যু সামনে এনে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক কর্মসূচি পালন স্বাভাবিক হলেও এর নামে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টি কিংবা জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা উচিত নয়।
সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে পার্থ বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উদ্যোগের সুফল দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হচ্ছে। এসব কার্যক্রম থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে অপপ্রচার ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন। বিশেষ করে রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভারতের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন পার্থ। তার ভাষ্য, ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহলের বক্তব্যও অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজার উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা দেশের ইতিহাসে অন্যতম বড় ও ব্যাপক পরিসরে উদ্যাপিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রয়েছে।
বগুড়ায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ভারতের গণমাধ্যমে উপস্থাপনের বিষয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি করা উচিত নয়।
দেশের অর্থনীতি, উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও গণমাধ্যমের আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।