আধ্যাত্মিক একটি স্থাপনায় যাওয়ার পথে পেনসিলভেনিয়া থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়া ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চার প্রবীণ সদস্যের খোঁজ মিলেছে, তবে তাদের পাওয়া গেছে নিথর অবস্থায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার জানায়, ভারতীয় বংশোদ্ভূত পরিবারের নিউ ইয়র্কের চার বাসিন্দা ওয়েস্ট ভার্জিনিয়ার একটি আধ্যাত্মিক স্থাপনায় যাওয়ার পথে নিখোঁজ হন। শনিবার তাদের মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান ভার্জিনিয়ার মার্শাল কাউন্টি শেরিফ মাইক ডোয়ার্টি।
চার ভুক্তভোগী হলেন আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভান (৮৬) ও গীতা দিভান (৮৪)। তারা নিউ ইয়র্কের বাফেলো থেকে ওয়েস্ট ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত প্রভুপাদের স্বর্ণ প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, পরিবারটি ২০০৯ সালে কেনা হালকা সবুজ টয়োটা ক্যামরি গাড়িতে, যার নিউ ইয়র্কের লাইসেন্স প্লেট ইকেডব্লিউ২৬১১, করে গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
মার্শাল কাউন্টি শেরিফের দপ্তরের পোস্ট করা বিবৃতিতে জানানো হয়, নিউ ইয়র্কের বাফেলোর বাসিন্দা নিখোঁজ চার ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টি শেরিফ মাইক ডোয়ার্টি। তারা গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শেরিফ জানান, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ও তাদের দুর্ঘটনার শিকার গাড়িটিকে পাওয়া যায় হুইলিং ক্রিক রোড সংলগ্ন বেশ ঢালু তীরে।
তিনি আরও জানান, প্রাথমিক সাড়াদানকারীরা ঘটনাস্থলে ছিলেন পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। এ বিষয়ে তদন্ত শেষ হলে আরও তথ্য জানানো হবে।
বর্ষীয়ান নাগরিকদের সর্বশেষ দেখা যায় গত ২৯ জুলাই। ওই দিন পেনসিলভেনিয়ায় বার্গার কিংয়ের একটি আউটলেটে ছিলেন তারা।
কর্তৃপক্ষ জানায়, বার্গার কিংয়ের ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার সদস্যের পরিবারটির দুই সদস্য রেস্তোরাঁয় প্রবেশ করছেন। তাদের সর্বশেষ জ্ঞাত ক্রেডিট কার্ডের লেনদেনও একই জায়গায় চিহ্নিত করা হয়।